দামেস্কে আত্মঘাতী হামলায় নিহত ৭৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্কে গত শনিবার ইরাকি শিয়া মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্থানে চালানো দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে দেড় শতাধিক। হতাহত মানুষের মধ্যে অধিকাংশ শিয়া মতাবলম্বী পুণ্যার্থী। এ ছাড়া রয়েছেন ইরাকের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
ফাতেহ আল-শাম ফ্রন্ট নামের একটি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। এরা একসময় আল-কায়েদার সঙ্গে জড়িত ছিল। হামলার কারণ বিস্তারিত উল্লেখ না করে শুধু বলেছে, এটা ইরান ও দেশটির যোদ্ধাদের প্রতি একটি বার্তা।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল রোববার হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছে। অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, শিয়া মুসলিমদের একটি পবিত্র ধর্মীয় স্থান বাব আল-সগির মাজারের কাছে ওই বোমা হামলা হয়। শিয়া পুণ্যার্থীদের বহনকারী বাস দামেস্ক শহরের পুরোনো অংশে মাজারের কাছে যাওয়ার পর প্রথমে রাস্তার পাশে বিস্ফোরণ হয়। এরপর এক ব্যক্তি আত্মঘাতী হামলা চালান। নিহতদের মধ্যে ৪৩ জন শিয়া পুণ্যার্থী, ২০ জন ইরাকি বাহিনীর সদস্য এবং ৮ জন পথচারী।
তবে সরকারিভাবে হতাহতের সংখ্যা খানিকটা কম বলা হয়েছে।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ জামাল একে ‘সন্ত্রাসী হামলা’ বলেছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার খবরে বলা হয়, ‘দুজন সন্ত্রাসী’ এই হামলা চালিয়েছে।
ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দুমড়ে-মুচড়ে যাওয়া কয়েকটি বাস দেখা যায়। এর কাছে মাটিতে মানুষের দেহের রক্তমাখা অংশ পড়ে ছিল।
ইরাক ও সিরিয়ার শিয়াদের কাছে শ্রদ্ধেয় সুফি মাজারগুলো প্রায়ই উগ্রপন্থী আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) হামলার
লক্ষ্যবস্তু হয়।
গৃহযুদ্ধকবলিত সিরিয়ার রাজধানী দামেস্কের বেশির ভাগ এলাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নিয়ন্ত্রণে। তবে নগরীর উপকণ্ঠে অবস্থিত এলাকাগুলোর বেশির ভাগই বিদ্রোহীদের দখলে।
মসুলের এক-তৃতীয়াংশ সরকারি দখলে
এদিকে আইএসের নিয়ন্ত্রণ থেকে এ পর্যন্ত পশ্চিম মসুলের এক-তৃতীয়াংশ পুনর্দখলের দাবি করেছে ইরাকি বাহিনী। দেশটির কাউন্টার টেররিজম বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মান আল-সাদি বলেন, গতকাল রোববার ইরাকি বাহিনী পশ্চিম মসুলের আরও ভেতরে প্রবেশ করেছে। তবে এগিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্য হচ্ছে। আরেক সেনা কর্মকর্তা বলেন, আইএসের সদস্যরা এখন চোরাগোপ্তা হামলা করছেন।
২০১৪ সাল থেকে মসুল আইএসের দখলে রয়েছে। এই শহরের নিয়ন্ত্রণ ফিরে পেতে গত বছরের ১৭ অক্টোবর থেকে মার্কিন বাহিনীর সহায়তায় সমন্বিত অভিযান শুরু করে ইরাকি বাহিনী। একপর্যায়ে টাইগ্রিস নদী পার হয়ে পশ্চিম মসুল দখলে গত ১৯ ফেব্রুয়ারি থেকে সাঁড়াশি আক্রমণ শুরু করে তারা।