দামেস্কে গাড়িবোমায় ১৮ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্কে গতকাল রোববার এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১৮ জন নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যম ও একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, নিরাপত্তা বাহিনী তিন গাড়িবোমা হামলাকারীকে পাকড়াওয়ের চেষ্টা করে। এ সময় এদের মধ্যে দুটি গাড়ি পুলিশ ধ্বংস করে দিতে পারলেও অন্যটি শহরের তাহরির স্কয়ারে পুলিশের ঘেরাওয়ের মধ্যে বিস্ফোরণ ঘটায়।

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা দ্য অবজারভেটরি জানায়, বোমায় ১৮ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সাতজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং দুজন বেসামরিক নাগরিক। সংস্থাটি অন্য নিহত ব্যক্তিদের পরিচয় জানাতে পারেনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, হামলাকারীদের দুটি গাড়ি ধ্বংস করা হয়েছে। তৃতীয় গাড়িটি পাকড়াও করা হলে তাহরির স্কয়ার এলাকায় পৌঁছানোর পর এর চালক বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। সংস্থাটি জানায়, এ ঘটনায় অনেক হতাহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। গত মার্চে ধারাবাহিক কয়েকটি আত্মঘাতী হামলার পর দামেস্কে চালানো এটাই এ ধরনের বড়  হামলা। কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, তাহরির স্কয়ারের রাস্তায় ধ্বংসাবশেষ ও বেশ ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি গাড়ি পড়ে আছে। অন্য একটি গাড়ি দুমড়েমুচড়ে গেছে। টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের কারণে সন্ত্রাসীরা লক্ষ্যস্থলে পৌঁছতে পারেনি। তাই হতাহতের সংখ্যা কম হয়েছে।

ছয় বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। এখনো পর্যন্ত দামেস্কের অধিকাংশ এলাকা সরকারের নিয়ন্ত্রণে আছে। এ সময়ে যুদ্ধে ৩০ হাজারের বেশি সিরীয় নাগরিক নিহত হয়েছে।