দালাই লামা অরুণাচলে গেলে সম্পর্ক নষ্ট হবে: চীন
তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার আগামী বছরে নির্ধারিত অরুণাচল সফরের ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। তারা বলেছে, এই সফর হলে তাতে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হবে। সেই সঙ্গে ভারতের সঙ্গে তাদের সম্পর্কও নষ্ট হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং আজ শুক্রবার এ কথা বলেছেন বলে ভারতের এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
আগামী বছরের শুরুতে দালাই লামা অরুণাচল সফর করবেন বলে সম্প্রতি জানানো হয়। অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খানডুর আমন্ত্রণে তিনি এ রাজ্যে গিয়ে তাওয়াং মন্দিরে এক ধর্মসভায় ভাষণ দেবেন। দালাই লামার আসন্ন এ সফরের ঘোষণার প্রতিক্রিয়াতে তাদের অবস্থান জানাল চীন। আজ এক বিবৃতিতে মুখপাত্র লু ক্যাং বলেন, ‘চীন ও ভারতের মধ্যে থাকা বিতর্কিত এলাকায় দালাই লামার সফরে শুধু এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাই নষ্ট হবে। এর পাশাপাশি চীন ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কও এতে নষ্ট হবে।’
দালাই লামার এ সফরে ভারতের কেন্দ্রীয় সরকারের সায় রয়েছে বলে ধারণা করা হয়। গতকাল বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, ‘দালাই লামা ধর্মীয় নেতা এবং ভারতের সম্মানিত অতিথি। তিনি ভারতের যেকোনো জায়গায় যেতে পারেন। তাওয়াংয়ে তাঁর যাওয়ার বিষয়ে আমরা দোষের কিছু দেখি না।’
দালাই লামার অরুণাচল সফরের বিষয়ে ভারতের এ অবস্থান চীনকে বিব্রত করবে। চীন অরুণাচল, বিশেষ করে তাওয়াং মন্দিরকে ‘বিতর্কিত’ বলে চিহ্নিত করে। তারা অরুণাচলকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে। আর সেখানে ভারতের যেকোনো নেতার যাওয়ার বিষয়ে নিয়মিত প্রতিবাদ করে।