দায় স্বীকার আইএসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের জালালাবাদে পাকিস্তানি কনস্যুলেটের কাছে গত বুধবারের হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক আরবি বার্তায় হামলার দায় স্বীকার করেছে সংগঠনটি। খবর এএফপির।
আইএস জানিয়েছে, হামলায় তাদের তিনজন অংশ নিয়েছিল। এর মাঝে দুই আত্মঘাতী হামলা চালিয়েছে। অপরজন অক্ষত অবস্থায় সরে যেতে সক্ষম হয়েছে।
আফগান কর্মকর্তারা জানিয়েছেন, বুধবারের ওই হামলায় তিনজন হামলাকারী ও সাতজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লা খায়োগানির বরাতে গার্ডিয়ান জানিয়েছে, বুধবার কনস্যুলেটের বাইরে একজন আত্মঘাতী হামলা চালায়। পরে নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে জঙ্গিদের প্রায় চার ঘণ্টা গোলাগুলি হয়। এতে তিন হামলাকারী ও সাতজন নিরাপত্তারক্ষী নিহত হয়। তিনি বলেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী ভিসাপ্রার্থীর বেশে পাকিস্তানের কনস্যুলেটের সামনে সারিতে দাঁড়িয়ে ছিল। সেখানে উপস্থিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে ভেতরে প্রবেশ করতে না দেওয়ার পর সে বোমার বিস্ফোরণ ঘটায়।
পাকিস্তানের কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, কনস্যুলেটের সব পাকিস্তানি নাগরিক নিরাপদে আছেন। হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন পুলিশ, দুজন গোয়েন্দা কর্মকর্তা, একজন সেনাসদস্য এবং একজন সীমান্ত পুলিশের সদস্য রয়েছেন।