দীর্ঘ অস্ত্রবিরতিতে ইসরায়েলের অনাগ্রহ
ইসরায়েল নিজেদের নিরাপত্তাসংক্রান্ত দাবিগুলো স্পষ্টভাবে পূরণ না হলে গাজায় দীর্ঘমেয়াদি কোনো অস্ত্রবিরতির ব্যাপারে সম্মত হবে না। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল রোববার এ কথা বলেছেন। খবর এএফপির।
গাজায় এক মাসেরও বেশি সময় ধরে রক্তক্ষয়ী লড়াইয়ের অবসানের লক্ষ্যে মিসরের রাজধানী কায়রোয় চলমান সংলাপে ইসরায়েলি ও ফিলিস্তিনি প্রতিনিধিরা একটি কার্যকর যুদ্ধবিরতি সম্পাদনের ব্যাপারে আলোচনায় অংশ নিচ্ছেন। জেরুজালেমে সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, কায়রোয় ইসরায়েলি প্রতিনিধিদল নিরাপত্তাসংক্রান্ত দাবিগুলো নিয়ে স্পষ্ট ও সুদৃঢ় একটি অবস্থান নিয়ে কাজ করছে।
কেবল ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারে স্পষ্ট জবাব পেলেই এ সংলাপে কোনো সমঝোতায় পৌঁছানো যেতে পারে।
কায়রোর আলোচনায় মধ্যস্থতা করছে আয়োজক দেশ মিসর। গাজায় হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বলেন, ফিলিস্তিনিরা নিজেদের দাবি থেকে সরে আসবে না। এসব দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গাজার ওপর থেকে ইসরায়েলের আট বছরের অবরোধ প্রত্যাহার। তাই সংলাপে কোনো ফলাফল আসবে কি না, তা ইসরায়েলের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।
গাজা উপত্যকায় পাঁচ দিনের অস্ত্রবিরতি মেয়াদোত্তীর্ণ হওয়ার পর ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিনিধিদের মধ্যে আলোচনা গতকাল আবার শুরু হয়েছে। গাজা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস চায়, তাদের ভূখণ্ড থেকে ইসরায়েল ও মিসরের অবরোধ প্রত্যাহার করে নেওয়া হোক।
গত ৮ জুলাই গাজায় লড়াই শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছে, যাদের অধিকাংশই ফিলিস্তিনি নাগরিক।