ভারতের সঙ্গে সীমান্ত সংঘাত নিয়ে চীনা সরকারি পত্রিকা
দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য তৈরি হতে হবে চীনকে

ভারতের সঙ্গে সীমান্তে উত্তেজনার পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে দীর্ঘ মেয়াদে লড়াইয়ে যাওয়ার জন্য চীনকে প্রস্তুত থাকতে হবে। চীনের সরকারি পত্রিকা গ্লোবাল পোস্ট-এর সম্পাদকীয়তে সোমবার এ কথা বলা হয়। সম্পাদকীয়তে উল্লেখ করা হয়, ভারতের সীমান্তরক্ষী বাহিনী সিকিম সীমান্ত অতিক্রম করায় চীনের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন হয়েছে। ভারতের সঙ্গে সামরিক সংঘাতে যেতে চায় না চীন। কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধে যেতে বেইজিং ভয় পায় না।
গ্লোবাল পোস্ট-এ বলা হয়, ভারতের সঙ্গে সামরিক সংঘাতের জন্য মুখিয়ে নেই চীন। তারা সংঘাতে এড়াতে জোর চেষ্টা করে। দুই পক্ষকে সংযম দেখিয়ে যুদ্ধ এড়ানোর চেষ্টা করা উচিত। তবে একই সঙ্গে বলা হয়, সিকিমে ভারতের পদক্ষেপ বিবেচনায় নিয়ে চীনকে দীর্ঘ মেয়াদে লড়াইয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে।
প্রসঙ্গত, চীনের সঙ্গে ভারতের ৩ হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। এর মধ্যে সিকিমে পড়েছে ২২০ কিলোমিটার।
ভারত, চীন ও ভুটান—এই তিন দেশের সীমান্তের মিলনস্থলে অবস্থিত বিরোধপূর্ণ ডোখলাম মালভূমিতে চীনের সড়ক তৈরির কাজ ঠেকাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী সীমান্ত অতিক্রম করে। ভুটানের দাবির সঙ্গে একমত পোষণ করে ভারত বলছে, ওই মালভূমি চীনের নয়। সেখানে চীনের সড়ক তৈরি তাদের জন্য ‘গুরুতর নিরাপত্তা উদ্বেগ’ তৈরি করেছে। গত জুন মাসে চীনের সড়ক নির্মাণকাজ বন্ধ করে দেয় ভারতের সেনারা। ভারত বলেছে, সীমান্তে ওই সড়ক নির্মাণ বিদ্যমান অবস্থার বড় ধরনের পরিবর্তন, যার সঙ্গে তাদের নিরাপত্তা জড়িত।
এদিকে পিটিআইয়ের খবরে বলা হয়, মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সাবেক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, ভারতকে একটি গ্রাহ্য করার মতো শক্তি হিসেবেই বিবেচনা করা উচিত চীনের। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসওয়াল বলেন, সালিস-নিষ্পত্তি, আলাপ-আলোচনা, সংলাপ ও কূটনীতির মধ্য দিয়ে বিভিন্ন সমস্যা সমাধানে ভারত তাদের ইচ্ছা ও সংকল্পের প্রমাণ দিয়েছে। এখন চীনের কাছ থেকেও একই রকম প্রত্যাশা করা হচ্ছে। সেই সঙ্গে ভারতের কাছ থেকে সংযত আচরণের প্রত্যাশা করছেন বলে এ সময় নিশা দেশাই বিসওয়াল বলেন।