দুই ইসরায়েলি হত্যার পর উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের রাজধানী তেলআবিব এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে সোমবার দুটি পৃথক ঘটনায় ছুরিকাঘাত হয়ে এক ইসরায়েলি সেনা ও এক নারীসহ দুজন নিহত হয়েছেন। উভয় ক্ষেত্রে হামলাকারী ফিলিস্তিনি। ওই সহিংসতার পর ইসরায়েল গতকাল মঙ্গলবার দেশজুড়ে নিরাপত্তা জোরদার করে। খবর আল-জাজিরা ও এএফপির।
উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হাজার হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে ইসরায়েল। ফিলিস্তিনি মুক্তিসংগ্রামের নেতা ইয়াসির আরাফাতের দশম মৃত্যুবার্ষিকী অনাড়ম্বরভাবে পালিত হয়। বেশ কিছুদিন ধরেই ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে পূর্ব জেরুজালেমসহ বিভিন্ন স্থানে উত্তেজনা চলছে।
গত সোমবার পশ্চিম তীরের এক ফিলিস্তিনি তরুণ তেলআবিবে এক ইসরায়েলি সেনাকে ছুরিকাঘাত করার পর সহিংসতার শুরু হয়। ২০ বছর বয়সী ওই সেনা হাসপাতালে মারা যান।
দ্বিতীয় ঘটনায় সোমবার সন্ধ্যায় পশ্চিম তীরের অ্যালোন শবুট ইহুদি বসতির প্রবেশদ্বারে এক ফিলিস্তিনি তিন ইসরায়েলি নাগরিককে ছুরিকাঘাত করে। আহত ২৫ বছর বয়সী এক নারী পরে মারা যান।
সহিংসতার ঘটনার পর ইসরায়েলের পার্লামেন্টে ভাষণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘এই হামলার কারণ একটাই, সন্ত্রাসীরা আমাদের সবখান থেকে সরাতে চায়। আমি প্রতিজ্ঞা করে বলছি, তাদের এই অপচেষ্টা সফল হবে না।’
এই সহিংসতার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থার পররাষ্ট্রবিষয়ক প্রধান ফেডেরিকা মঘেরিনি সতর্ক করে দিয়ে বলেন, এর ফলে রাজনৈতিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।