পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি বাড়িতে অগ্নিসংযোগ করে শিশুসহ এক পরিবারের তিন সদস্যকে মেরে ফেলার ঘটনায় সন্দেহভাজন দুই ইসরায়েলিকে অভিযুক্ত করা হয়েছে। গত বছর এ হত্যার ঘটনা ঘটে। খবর বিবিসির।
সন্দেহভাজন অভিযুক্ত ওই দুজন হলেন আমিরাম বেন-উলায়েল (২১) ও নাম প্রকাশ না করা তাঁর একজন সহযোগী। ইসরায়েলি কৌঁসুলিরা তাঁদের অভিযুক্ত করেন। ফিলিস্তিনিদের ওপর পৃথক কিছু হামলার ঘটনায় অন্তত আরও দুই ইসরায়েলিকেও অভিযুক্ত করা হয়েছে।
গত জুলাইয়ে পশ্চিম তীরের দুমা গ্রামে ১৮ মাসের শিশুপুত্রসহ সাদ ও রিহাম দম্পতিকে পুড়িয়ে হত্যা করে ইসরায়েলি সন্ত্রাসীরা। আগুনে দগ্ধ হয় দম্পতির চার বছর বয়সী আরেক শিশুপুত্র। দগ্ধ শিশুটির এখনো চিকিৎসা চলছে। এ ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা ওঠে।
খবরে বলা হয়, ৩১ জুলাই রাতে ওই দম্পতি বাচ্চাদের নিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় কিছু ইসরায়েলি স্লোগান দিয়ে এসে বাড়িটিতে দাহ্য পদার্থযুক্ত বোমা ছোড়ে। এতে আগুন লেগে পরিবারের তিন সদস্য মারা যান।
হত্যাকাণ্ডের পর দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের ইহুদি চরমপন্থীদের দায়ী করা হয়েছিল। অভিযোগপত্র অনুযায়ী, গত বছর একজন অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীর নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নিতেই বেন উলায়েল ওই বোমা হামলা চালান।