দুই ইসরায়েলি সেনা ও এক শান্তিরক্ষী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলি সেনা ও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে গতকাল বুধবার সংঘর্ষ হয়েছে। এ সময় দুই ইসরায়েলি সেনা ও জাতিসংঘের এক শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনার জেরে আরও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপির।
ইসরায়েল বলেছে, হিজবুল্লাহ যোদ্ধারা সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলি-অধ্যুষিত এলাকায় সামরিক গাড়িবহরে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের হামলা চালায়। এতে তাদের দুই সেনা নিহত ও সাতজন আহত হন। হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, কয়েক দিন আগে গোলান মালভূমির সিরিয়ানিয়ন্ত্রিত অংশে ইসরায়েলি হামলায় তাদের কয়েকজন যোদ্ধা ও ইরানি এক জেনারেল নিহত হওয়ার বদলা নিতেই গতকাল এই হামলা চালানো হয়।
লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, জবাবে ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণ-পূর্ব সীমান্তে ট্যাংকের গোলা নিক্ষেপ করেন। হিজবুল্লাহ বলেছে, গোলার আঘাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
লেবাননে দায়িত্বরত জাতিসংঘ বাহিনী জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের ৩৬ বছর বয়সী এক স্প্যানিশ শান্তিরক্ষী নিহত হয়েছেন।