দুই কোরিয়ার পারিবারিক পুনর্মিলন অক্টোবরে
উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিচ্ছিন্ন পরিবারগুলোর সদস্যদের পুনর্মিলনী আগামী মাসে অনুষ্ঠিত হবে। দুই দেশের রেডক্রসের মধ্যে আলোচনার ভিত্তিতে গত মঙ্গলবার বিষয়টি চূড়ান্ত হয়। খবর এএফপি ও বিবিসির।
দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়ার পার্বত্য অবকাশকেন্দ্র মাউন্ট কুমগাংয়ে আগামী ২০ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ওই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এটি গত পাঁচ বছরের মধ্যে এ ধরনের দ্বিতীয় আয়োজন।
১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধে কোরিয়া উপদ্বীপ দুই ভাগ হয়ে যায়। এতে লাখো মানুষ বিচ্ছিন্ন হয়ে দুই কোরিয়ায় ছড়িয়ে পড়ে। যোগাযোগ দীর্ঘদিন বন্ধ থাকায় অনেকে পরিবারের সদস্যদের আরেকবার দেখার সুযোগ পাওয়ার আগেই মারা যান।
৮০ থেকে ৯০ বছর বয়সী প্রায় ৬৬ হাজার দক্ষিণ কোরীয় নাগরিক ওই পুনর্মিলনী অনুষ্ঠানের অপেক্ষা করছেন। তবে প্রতিবার খুব সীমিতসংখ্যক মানুষকে এ পুনর্মিলনীতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।
বয়স ও পারিবারিক পরিচয় যাচাইয়ের পর কম্পিউটারের মাধ্যমে দৈবচয়ন ভিত্তিতে ৫শ প্রার্থী বাছাই করা হবে। এর পর দক্ষিণ কোরিয়ার রেড ক্রস কর্মকর্তারা সাক্ষাতকার ও স্বাস্থ্য পরীক্ষার ভিত্তিতে সেখান থেকে আড়াইশ লোক ঠিক করবেন। ভ্রমণের মতো শারীরিক সামর্থ্য আছে কিনা তা দেখতেই স্বাস্থ্য পরীক্ষার এ ব্যবস্থা।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার ২০০০ সালের এক ঐতিহাসিক সম্মেলনের পর পুনর্মিলনী আয়োজনের শুরু হয়। প্রথম দিকে প্রতিবছরই এর আয়োজন করা হতো। কিন্তু গত পাঁচ বছরে দুই দেশের সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির কারণে মাত্র একবার পুনর্মিলনী হয়েছে।
সর্বশেষ ২০১৪ সালের পুনর্মিলনীতে বাছাই করা ৫০০ জন অংশগ্রহণের সুযোগ পান।
গত মাসে উত্তেজনা হ্রাসের জন্য এক মতৈক্যের প্রেক্ষাপটে এ সমঝোতা হলো। সীমান্তে পেতে রাখা মাইন বিস্ফোরণে দুই দক্ষিণ কোরীয় সেনা আহত হলে উত্তেজনার সৃষ্টি হয়েছিল।