দুই দশকের মধ্যে পাকিস্তানে প্রথম আদমশুমারি
পাকিস্তানে দুই দশকের মধ্যে প্রথম আদমশুমারির কাজ শুরু হয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার থেকে কড়া নিরাপত্তায় শুমারি শুরু হয়। আদালত মার্চ মাসের মধ্যে শুমারি শেষ করতে হবে বলে সময় বেঁধে দিয়েছেন।
পাকিস্তান সরকারের বক্তব্য, তহবিল ঘাটতি, রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তার বিষয়টি দেখভালের জন্য প্রয়োজনীয়সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য না থাকায় শুমারির কাজ শুরু করতে দেরি হয়েছে। গতকাল থেকে দেশের ৬৩টি জেলায় ১ লাখ ১৮ হাজার তথ্য সংগ্রহকারী কাজ শুরু করেছেন। মাঠে রয়েছেন পুলিশ ও সেনাসদস্যরা। এর মধ্যে সেনার সংখ্যাই দুই লাখ। গণনাকারীদের নিরাপত্তা বিধানের পাশাপাশি সর্বস্তরের মানুষকে শুমারিতে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিতে সহায়তা করবেন তাঁরা।
প্রত্যন্ত খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের আদমশুমারি বিভাগের জাভেদ ইকবাল বলেন, গণনার কাজ স্বচ্ছ, নির্ঝঞ্ঝাট এবং নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে তাঁদের।
সরকার জানিয়েছে, এবারের আদমশুমারিতে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের মানুষদেরও অন্তর্ভুক্ত করা হবে। তবে তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার নিয়ে কাজ করা কর্মীরা অভিযোগ করেছেন, শুমারির ফরমে এই লিঙ্গের মানুষদের চিহ্নিত করতে কোনো ঘর নেই।
প্রতিবন্ধী মানুষদেরও এই শুমারিতে আলাদা করে গণনার ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার। কিন্তু ফরমে তাদের জন্য আলাদা কোনো কলাম না থাকায় গত মঙ্গলবার বিস্ময় প্রকাশ করেছেন সিন্ধুর উচ্চ আদালত।
এর আগে ১৯৯৮ সালে পাকিস্তানে সর্বশেষ আদমশুমারি হয়। সে সময় দেশটির জনসংখ্যা ছিল ১৩ কোটির কিছু বেশি।