দুই দেশে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান ও পাকিস্তানে গতকাল বৃহস্পতিবার দুটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭ জন নিহত হয়েছেন আফগানিস্তানে এবং বাকি নয়জন পাকিস্তানে। খবর এএফপি ও রয়টার্স।
আফগান সরকারের মুখপাত্র গুল ইসলাম সেয়াল বলেন, দেশের দক্ষিণাঞ্চলের জাবুল প্রদেশে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১২ জন সেনা এবং পাঁচজন ক্রু নিহত হয়েছেন।
মুখপাত্র সেয়াল আরও বলেন, সেখানে দুটি হেলিকপ্টার ছিল। এর একটি যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর সেটি অন্য হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ করে এবং পাইলট জানান, তাঁরা জরুরি অবতরণ করতে বাধ্য হচ্ছেন। কিন্তু অবতরণ করার পরপরই এটিতে আগুন ধরে যায়।
তবে জঙ্গিগোষ্ঠী তালেবান দাবি করেছে, তারা গুলি করেই হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। তালেবানের মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এক টুইটার বার্তায় এ দাবি করেন।
পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে গতকাল সন্ধ্যায়। রাজধানী ইসলামাবাদ থেকে উত্তরে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মানসেহরা শহরের কাছে ওই ঘটনায় নিহত হন নয়জন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা নাজিবুর রহমান বলেন, উত্তরাঞ্চলের গিলগিট শহরে বন্যাদুর্গতদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছিল সামরিক বাহিনীর হেলিকপ্টারটি। পথে ইসলামাবাদ থেকে ১৭০ কিলোমিটার উত্তরে পাহাড়ি এলাকায় এটি বিধ্বস্ত হয়। এর পরপরই এতে আগুন ধরে যায়। এরপর সেখান থেকে নয়জনের পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়।