দুই নভোচারীকে পৃথিবীর কক্ষপথে পাঠাচ্ছে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন আজ সোমবার সকালে দুজন নভোচারীকে পৃথিবীর কক্ষপথে পাঠাতে যাচ্ছে। দেশটির মহাকাশ অভিযানের সক্ষমতা বৃদ্ধির অব্যাহত প্রচেষ্টার মধ্যে এ উদ্যোগের খবর এল।
সরকারি কর্মকর্তারা বলেছেন, উত্তর চীনের জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে ওই নভোচারীরা যাত্রা করবেন। অভিযানের পরিকল্পনা হচ্ছে তাঁরা তিয়ানগং ২ মহাকাশ কেন্দ্রে যান ভেড়াবেন এবং সেখানে ৩০ দিন থাকবেন। তিয়ানগং ২ মানুষের বসবাসের উপযোগী তা পরীক্ষা করা এ মিশনের লক্ষ্য। চীনের এটিসহ আগের কয়েকটি মহাকাশ অভিযানকে চাঁদ বা মঙ্গল গ্রহে মানুষবাহী নভোযান পাঠানোর প্রস্তুতি হিসেবে দেখা হয়।
আগের তিয়ানগং (অর্থ ‘নভো প্রাসাদ’) মহাকাশ কেন্দ্রটি এ বছরই কিছুদিন আগে বাতিল করা হয়। সেখানে তিনটি নভোযান ভিড়েছিল।
নতুন এ অভিযানের নভোচারীরা হচ্ছেন জিং হাইপেং (৪৯) ও চেন দং (৩৭)। এর মধ্যে জিং হাইপেং ইতিমধ্যে দুবার মহাকাশ অভিযানে গেছেন। স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় তাঁরা শেনঝউ ১১ নভোযানে করে রওনা হবেন। লং মার্চ ২ এফ রকেট এটিকে মহাকাশে নিয়ে যাবে।
চীন তার মহাকাশ কর্মসূচি ক্রমেই জোরদার করছে। দেশটির নভোচারীরা ইতিমধ্যে একবার মহাকাশযানের বাইরে ‘স্পেস ওয়াক’ বা ‘ভেসে থেকে’ কাজ করেছেন। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর চীনই একমাত্র দেশ, যারা মহাকাশে মানুষবাহী যান পাঠিয়েছে। ২০১৩ সালে দেশটি তার মানুষহীন রোভার বা গবেষণা যান ‘ইউত’কে সফলভাবে চাঁদে অবতরণ করাতে সক্ষম হয়।