দুই পারে চাপা শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূ-স্বর্গের বুক চেরা নিয়ন্ত্রণরেখা বরাবর সবুজে ছাওয়া পাহাড়ের পাশে সেনাচৌকির উপস্থিতি
ভূ-স্বর্গের বুক চেরা নিয়ন্ত্রণরেখা বরাবর সবুজে ছাওয়া পাহাড়ের পাশে সেনাচৌকির উপস্থিতি

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর দাঁড়িয়ে যে কেউ বিভ্রান্ত হতে পারেন। ভূ-স্বর্গের বুক চেরা এই রেখা বরাবর যে সবুজে ছাওয়া ধ্যানগম্ভীর পাহাড়শ্রেণি, তা যেন অনাবিল শান্তিরই প্রতিচ্ছবি। তবে ওপরে ওপরে শান্তির নিজস্ব নীড় নয়নাভিরাম মনে হলেও রেখার দুই পাশেই সেনাচৌকির উপস্থিতি পর্যটকের স্বস্তিকে স্থায়ী হতে দেয় না।
বিশ্বের যে কয়েকটি সীমান্তে অস্ত্র আর সৈন্য-সামন্তের সমাবেশ সবচেয়ে বেশি, তারই একটি ভারতীয় ও পাকিস্তানি কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বা লাইন অব কন্ট্রোল (এলওসি)। চলাফেরার ক্ষেত্রে সবচেয়ে বেশি বিধিনিষেধের স্থানগুলোরও একটি এটি। অতীতে কাশ্মীর নিয়ে লড়াইয়ে যুদ্ধবিরতির সময় দুই দেশের সেনাদের অবস্থান যেখানে ছিল ঠিক তার বরাবরই এ কাল্পনিক রেখা। সেনা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাংবাদিকদের এর আশপাশে ভেড়া নিষেধ। পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের কথিত ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বা সুনির্দিষ্ট হামলার পর এখন তো সেখানে উত্তেজনা আরও চরমে।
বিবিসিসহ দেশি-বিদেশি বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠানের একদল সাংবাদিককে পাকিস্তানের সেনা কর্তৃপক্ষ সম্প্রতি ভারতের দাবি করা সার্জিক্যাল স্ট্রাইকের দুটি স্থানে নিয়ে যায়। ভারতের বক্তব্য—পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের সাতটি সন্ত্রাসী ঘাঁটিতে হানা দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে তারা। কিন্তু পাকিস্তানপক্ষ এ দাবি অসত্য আখ্যা দিয়ে বলছে, সেদিন সীমান্তের নিয়মিত গোলাগুলির চেয়ে তেমন বেশি কিছু হয়নি। নিজেদের দাবির পক্ষে সাক্ষ্যপ্রমাণ জোরদার করতে সাংবাদিকদের দুটি ঘটনাস্থলেও নিয়ে যায় পাকিস্তানের সেনা কর্তৃপক্ষ। সাংবাদিকদের নিয়ে যাওয়া হয় বাঘসার ও তাট্ট পানি এলাকায়।

সেনা মুখপাত্র লে. জেনারেল আসিম বাজওয়া তখন বলেন, বাস্তব পরিস্থিতি স্বচক্ষে দেখানোর জন্যই সাংবাদিকদের সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় পাকিস্তানি কর্তৃপক্ষ ভারতের হামলার মাত্রার বিষয়টি কমিয়ে দেখাতে চাইলেও প্রতিবেশীর ‘আগ্রাসী তৎপরতার’ কথা অস্বীকার করেনি। সাংবাদিকদের সীমান্তের ওপাশ থেকে গুলি-গোলা ছোড়ার জায়গাটি দেখিয়ে বলা হয়, বিনা উসকানিতে গুলি আসার পর তাঁরা জবাব দিয়েছে।

আসিম বাজওয়া বলেন, যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকেই কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটছে। তবে ভারতীয় সেনারা গত সপ্তাহে সীমানা পেরিয়ে পাকিস্তানি ভূখণ্ডে ঢুকেছিল, সেটি মানতে রাজি নন তিনি। বলেন, অনিচ্ছাকৃতভাবে এক ভারতীয় সেনার পাকিস্তানি ভূখণ্ডে ঢুকে পড়া আলাদা ব্যাপার। অনিচ্ছাকৃতভাবে সীমান্তর অন্য পারে চলে যাওয়াটা দুই পক্ষেই মাঝেমধ্যে ঘটে থাকে। সে জন্য একটা প্রক্রিয়া আছে। পরিচয় যাচাই করে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যকে ফেরত পাঠানো হয়।

সীমান্তের এই উত্তেজনার কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে বড় সংঘাতের আশঙ্কা করেছেন অনেকে। বিশেষ করে ভারতীয় দিকে সামরিক তোড়জোড় ও সীমান্তঘেঁষা গ্রামগুলোর বাসিন্দাদের সরিয়ে নেওয়া গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে। অনেকে মনে করছেন, পাকিস্তানের প্রতিশোধমূলক হামলার কথা ভেবেই ভারতের এই প্রস্তুতি। তবে জেনারেল বাজওয়া এমন ভাবনাকে উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, ভারতে হামলা চালানোর কোনো চিন্তাভাবনা পাকিস্তানের নেই। বিশেষ করে যখন সেনাবাহিনীকে পশ্চিম সীমান্তের উপজাতীয় অঞ্চলে তালেবানের সঙ্গে লড়তে হচ্ছে। বাজওয়া বলেন, ‘পশ্চিম থেকে সেনা সরিয়ে পূর্ব সীমান্তে নিয়ে আসতে হলে তা হবে খুবই দুর্ভাগ্যজনক।’

যুদ্ধের ব্যাপারে ‘অনাগ্রহ’ দেখালেও বাজওয়া সতর্ক করে দিয়ে বলেন, ভারতের তরফ থেকে কিছু করা হলে ভালো রকম জবাবই দেবেন তাঁরা।

ভারতের দাবি করা হামলার একটি স্থানে নিয়ে যাওয়ার পথে একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বলেন, সত্যিই সার্জিক্যাল স্ট্রাইক হলে ক্ষতি যেমন আরও অনেক হতো, মৃতদেহও তেমনি অনেক বেশি পাওয়া যেত।

 বাঘসার এলাকায় ক্ষয়ক্ষতির তেমন কোনো চিহ্ন দেখেননি সাংবাদিকেরা। তবে বিবিসির সাংবাদিকের মন্তব্য, লাশের কমবেশি নিয়ে কিছু বোঝার উপায় নেই। তাঁদের যেটা দেখানো হয়েছে, তারা শুধু সেটাই দেখতে পেয়েছেন।

তাট্ট পানিতে গ্রামের কোলঘেঁষা নদীর খাতের ওপাশেই পাহাড়ে ভারতীয় সেনাদের অবস্থান। সেখানে বিবিসির সাংবাদিকের সঙ্গে দেখা হয় বারাকাত আলী খান নামে এক দোকানমালিকের সঙ্গে। জীবনের পুরোটা সময় ওই গ্রামেই কেটেছে তাঁর। আশপাশে সেনাবাহিনীর লোকজনকে দেখে কিছুই হয়নি গোছের একটা ভাব ধরে থাকলেন তিনি। তবে সীমান্তের উত্তপ্ত অবস্থা যে তাঁদের ওপর কিছু প্রভাব ফেলেছে, তা একেবারে অস্বীকারও করলেন না তিনি। নিয়ন্ত্রণরেখার ঠিক বিপরীতেই তাঁর বাড়ি। সেখান থেকে চোখে দেখা না গেলেও বারাকাত বলেন, জায়গামতো ভারতের সেনারা সতর্ক অবস্থান নিয়ে আছে। তিনি বলেন, ‘ভারতের গোলাবর্ষণে আমাদের জীবনযাপন আর ব্যবসা-বাণিজ্যে প্রায়ই সমস্যা হয়। তবে আমরা ভয় পাইনি। কখনোই এ জায়গা ছেড়ে যাব না।’

পাকিস্তানি সেনাবাহিনী দৃশ্যত সীমান্তের পরিস্থিতি শান্ত দেখানোর পাশাপাশি নিজেদের দৃঢ় সংকল্পের বার্তা দিতে চাইছে। কিন্তু বাস্তবতা হচ্ছে—কাশ্মীরে একটি বড় সংঘাত হলে উত্তেজনার পারদ চড়ার শঙ্কা মন থেকে সহজে যায় না।