দুই ফিলিস্তিনির বাড়িতে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে দুই ফিলিস্তিনি ‘হামলাকারীর’ বাড়ি গতকাল মঙ্গলবার গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে সাম্প্রতিক সহিংসতার বিরুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া হুঁশিয়ারির পর এই ধ্বংসযজ্ঞ চালানো হয়। এদিকে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশের দুই দিনের নিষেধাজ্ঞা গতকাল তুলে নিয়েছে ইসরায়েল। খবর আল-জাজিরার।
গত বছর ইহুদিদের ওপর হামলার জের ধরে গতকাল সকালে ইসরায়েলি বাহিনী পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি ঘাসান আবু জামালের বাড়ি গুঁড়িয়ে দেয়। গুঁড়িয়ে দেয় মুহাম্মদ জাব্বিসের বাড়িও। গত বছরের নভেম্বরে পশ্চিম জেরুজালেমে ইহুদিদের উপাসনালয়ে ঘাসান আবু জামাল ও তাঁর চাচাতো ভাই চারজন ইহুদি ধর্মযাজক ও এক পুলিশ সদস্যকে হত্যা করে বলে অভিযোগ ইসরায়েলের। আর জাব্বিস গত বছরের আগস্টে একটি বাসে ট্রাক্টর উঠিয়ে দিয়ে একজন ইহুদিকে হত্যা ও কয়েকজনকে আহত করেছিলেন বলে অভিযোগ করে ইসরায়েল। দুটি ঘটনাতেই ঘটনাস্থলেই ‘হামলাকারীদের’ হত্যা করে ইসরায়েলি পুলিশ।
বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক জানান, গতকাল ভোরের আগে জামালের বাড়ি ধ্বংস করা হয়। এতে জামালের বাড়ির ভেতরের কাঠামো ধসে পড়লেও পিলারগুলো অক্ষত থাকে। বিস্ফোরণে ভবনটির অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় আশপাশের অবকাঠামোও।
এ ছাড়া গত বছরের অক্টোবরে ডানপন্থী এক ইহুদিকে হত্যাচেষ্টার অভিযোগে নিহত মুয়াতাজ হিজাজির বাড়ি গতকাল সিলগালা করে দেয় ইসরায়েলি বাহিনী।
এদিকে গতকাল জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ চত্বর; যা ইহুদিদের কাছে পবিত্র ‘মাউন্ট টেম্পল’ বলে পরিচিত, সেখানে ইহুদিদের আট দিনব্যাপী উৎসব শেষ হয়েছে। ফলে মসজিদ চত্বরে ফিলিস্তিনি প্রবেশের নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে ইসরায়েল। এই নিষেধাজ্ঞার জের ধরে বিক্ষোভ চলাকালে ইসরায়েলি বাহিনীর গুলিতে গত সোমবার নিহত হয় এক ফিলিস্তিনি তরুণ। আহত হয় কয়েক শ ফিলিস্তিনি। সম্প্রতি পশ্চিম তীরে বন্দুকধারীদের গুলিতে চার ইসরায়েলি নিহত হলে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ইহুদিদের সঙ্গে ফিলিস্তিনিদের উত্তেজনা ছড়িয়ে পড়ে।