দুই ফিলিস্তিনির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনা
হামলাকারী দুজন ফিলিস্তিনির পশ্চিম তীরের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। বুধবার গভীর রাতে পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে দেশটির সেনা কর্তৃপক্ষ। গত জুন মাসে তেলআবিবে একটি রেস্তোরাঁয় ওই দুই ফিলিস্তিনির হামলায় চারজন ইসরায়েলি নিহত হয়েছিল।
ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, সরকারের নির্দেশে রাতের বেলা নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুই হামলাকারীর বাড়ি গুঁড়িয়ে দেয়। জুন মাসের ৮ তারিখে তেলআবিবের সারোনা মার্কেটে তাদের হামলায় চারজন বেসামরিক লোক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিল।
পশ্চিম তীরের ওই দুই হামলাকারী জ্ঞাতিভাই। এদের একজন মোহাম্মদ মাখামরাহর বাড়ি ইয়াত্তা এলাকায়। সেটি বিস্ফোরণের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে পাশের বাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। খানিক দূরে থাকা আরেক হামলাকারী খালেদ মাখামরাহর বাড়িও ধ্বংস করা হয়।
আইনি ব্যবস্থার বাইরে এভাবে হামলাকারীদের বাড়িঘর ধ্বংস করার ইসরায়েলি নীতি নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। পরিবারের অন্য সদস্যদের ক্ষতিগ্রস্ত করে বলে মানবাধিকার সংগঠনসহ অনেকেই ঢালাও শাস্তি হিসেবে এর নিন্দা করে থাকেন।