দুই মার্কিনকে মুক্তি দিল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া থেকে মুক্ত হয়ে দণ্ডপ্রাপ্ত দুই মার্কিন গত শনিবার দেশে ফিরেছেন। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জেমস ক্ল্যাপার নিজে ম্যাথিউ টোড মিলার ও কেনেথ বে নামের ওই দুই মার্কিনকে উত্তর কোরিয়া থেকে নিয়ে আসেন। নিভৃতিকামী কমিউনিস্ট দেশটির সরকারের সঙ্গে সরাসরি আলোচনার জন্য ক্ল্যাপার সে দেশে যান।
গোয়েন্দা কর্মকর্তা ক্ল্যাপারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, নাগরিকদের ফিরিয়ে আনার কাজটি বেশ জটিল ছিল।
শনিবার ওয়াশিংটনের কাছে এক সেনাঘাঁটিতে অবতরণ করে মিলার ও বে’কে বহনকারী বিমান। পরে সাংবাদিকদের মুখোমুখি হন বে। তিনি বলেন, ‘আমার পরিবারের জন্য সময়টা ছিল ভয়াবহ কঠিন।’
‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপের’ জন্য উত্তর কোরীয় কর্তৃপক্ষ ২০১২ সালের নভেম্বরে মার্কিন ধর্মপ্রচারক বে কে আটক করে। তাঁকে ১৫ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর গোয়েন্দাগিরির অভিযোগে গত এপ্রিলে আটক হন মিলার। তাঁকে দেওয়া হয় ছয় বছরের কারাদণ্ড।