দুই দশকের যুদ্ধে এত আত্মত্যাগে কী এল
আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো বাহিনীর চূড়ান্ত বিদায় মুহূর্ত যতই ঘনিয়ে আসছে, ততই শক্তিশালী হয়ে উঠছে তালেবান। একের পর এক শহর, প্রাদেশিক রাজধানী দখল করে চলেছেন সশস্ত্র সংগঠনটির যোদ্ধারা। অনেক শহরে তালেবান যোদ্ধাদের আক্রমণের বিরুদ্ধে সামান্যতম প্রতিরোধও গড়ে তুলতে পারেনি আফগান নিরাপত্তা বাহিনী। অনেক জায়গায় নিঃশর্ত আত্মসমর্পণের ঘটনাও ঘটছে। তাতে সরকারি বাহিনীর ফেলে যাওয়া হেলিকপ্টার ও কোটি কোটি ডলারের মার্কিন সমরাস্ত্র অনায়াসে কবজা করতে পারছে তালেবান। খবর বিবিসির।
আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় ২০ বছর ধরে চালানো মার্কিন অভিযানকালে তালেবানের সঙ্গে লড়াই-সংঘাতে হতাহত হয়েছেন দেশি-বিদেশি অনেক সেনা। এখন তালেবানের অগ্রযাত্রায় প্রশ্ন উঠেছে, সেনাদের এই আত্মত্যাগ তাহলে কিসের জন্য ছিল?
আফগান যুদ্ধে গুরুতর আহত হয়ে বেঁচে ফেরা যুক্তরাজ্যের সেনাদের মধ্যে পারকিনসন অন্যতম। বোমা বিস্ফোরণে তাঁর দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এমনকি তাঁর শরীরে ৪০টি স্থায়ী ক্ষত হয়।
নিজের শরীরে যুদ্ধের সেই দুঃসহ ক্ষত বয়ে চলা পারকিনসন আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে সেখানকার নাগরিকদের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। তিনি বিবিসির মাধ্যমে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, ব্রিটিশ সেনাদের যেসব আফগান সহায়তা করেছেন, তাঁদের যেন যুক্তরাজ্যে আসার অনুমিত দেওয়া হয়।
৩৭ বছর বয়সী এই সেনা বিবিসিকে বলেন, ‘যেসব আফগান আমাদের জন্য দোভাষী হিসেবে কাজ করেছেন, তাঁরা এখানে আশ্রয়ের অনুমতি চাইলেও যুক্তরাজ্য তা প্রত্যাখ্যান করে।’
ডনকাস্টারে নিজের বাড়িতে বসে বিবিসির সঙ্গে আলাপকালে কথাগুলো বলেন পারকিনসন। তিনি বলেন, ‘তালেবান তাঁদের (বিদেশি সেনাদের দোভাষী হিসেবে কাজ করা আফগানদের) প্রাণনাশের হুমকি দিচ্ছে। নিরাপত্তার খাতিরে তাঁদের নিয়ে আসা উচিত। তাঁরা আমাদের সহায়তা করেছে। তাহলে এখন তাঁদের মৃত্যুর মুখে ছেড়ে দেওয়ার কী মানে?’
পারকিনসনের মা ডায়ান ডানি বলেন, আফগানিস্তানে হতাহত সেনাদের পরিবারকে এখন মূল্য দিতে হচ্ছে। তিনি মনে করেন, সেখান থেকে একটা কিছুও প্রাপ্তি হয়নি। বলেন, ‘এখন অবশ্যই এই প্রশ্ন করা যায় যে এই যে এত কিছু হলো, এগুলো কিসের জন্য?’
সাবেক সৈন্য ও শেফিল্ড সিটি এলাকার মেয়র জারভিস বলেন, আফগানিস্তানে কাজ করা ব্রিটিশ সেনারাও ক্ষুব্ধ, হতাশ ও মনঃক্ষুণ্ন। তিনি বলেন, ‘আমরা ওই দেশে অনেক বিনিয়োগ করেছি। আমরা আমাদের অনেক প্রিয় সহকর্মী হারিয়েছি। আর এর মূল্য কী এই? আজ আমরা বিস্মিত।’
আবারও আফগানিস্তানে কিছু সেনাসদস্য মোতায়েন করা কোনো বিকল্প সমাধান হতে পারে না বলে মনে করেন জারভিস। তিনি বরং আফগানিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের বিমানসহায়তা বাড়ানোর পক্ষে। পাশাপাশি যুক্তরাজ্য, ন্যাটো ও অন্য দেশগুলো কূটনৈতিক চাপ তৈরি করে ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে আলোচনা করেও এর (আফগান সংকট) সমাধান করতে পারে বলে জারভিস মনে করেন।
ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স, ব্রাউন ইউনিভার্সিটির সূত্রের বরাত দিয়ে বিবিসির এক পরিসংখ্যানে বলা হয়, আফগানিস্তানে ২০০১-২১ সাল পর্যন্ত যুদ্ধে মার্কিন ও মিত্র বাহিনীর ৩ হাজার ৫৮৬ জন নিহত হয়েছেন। পুলিশ ও সেনাসদস্যের মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৯৭১ জনের, বেসামরিক মানুষ নিহত হন ৭৮ হাজার ৩১৪ জন, আর তালেবানসহ সরকারবিরোধী যোদ্ধা নিহত হওয়ার সংখ্যা ৮৪ হাজার ১৯১।