দুই সন্তাননীতি ও চীনের একলা মায়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক সন্তান নীতি থেকে সরে এসেছে চীন। ছবি: রয়টার্স
এক সন্তান নীতি থেকে সরে এসেছে চীন। ছবি: রয়টার্স

দীর্ঘদিন ধরে চলা এক সন্তাননীতি থেকে সরে এসেছে চীন। চালু করেছে দুই সন্তাননীতি। অনেকে স্বাগত জানিয়েছেন এই নীতিকে। তবে এই নীতি সবার জন্য নয়। চীনের সমাজে বৈষম্যের শিকার একলা মায়েরা। এই নীতির কারণে নিজেদের তাঁরা আরও বেশি বঞ্চিত মনে করছেন। প্রতিবাদ জানাচ্ছেন নারীবাদীরাও। তাঁদের মতে, জনসংখ্যা বাড়াতে সরকার নারীদের নিয়ে পুতুল খেলা খেলছে। নিজেদের খেয়াল-খুশিমতো তাঁদের ওপর বিভিন্ন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে।

চীনের সাংবাদিক ও লেখিকা লেতা হং ফিনচার বলেন, বিশ্বের বিভিন্ন দেশে একলা মায়েদের নিয়ে প্রচলিত সামাজিক বাধা দূর হয়েছে। এর অন্যতম উদাহরণ হচ্ছে সুইডেন। দেশটির সরকার একলা মায়েদের ভর্তুকি দেয়। এর ঠিক উল্টো অবস্থা চীনে। এখানে বিবাহের সনদ দেখাতে না পারলে একলা মায়েদের সন্তানের জন্মসনদ নিতে মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়। যাঁরা একলা মা হতে ইচ্ছুক, অনেক ক্ষেত্রে তাঁদের জোর করে সন্তান জন্মদানে অক্ষম করে ফেলা হয়। সরকারি বাসস্থান, স্কুলে ভর্তি, চিকিৎসা—সব ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হয় একলা মায়ের সন্তানদের। কারণ হিসেবে দেখানো হয়, এই মায়েরা সরকারের পরিবার পরিকল্পনা নীতির বাইরে কাজ করছেন।

একলা মা হতে ইচ্ছুক নারীরা বিদেশে ডিম্বাণু সংরক্ষণ করে রাখেন। ছবি: এএফপি
একলা মা হতে ইচ্ছুক নারীরা বিদেশে ডিম্বাণু সংরক্ষণ করে রাখেন। ছবি: এএফপি

একলা মায়েরা এসব বৈষম্য নিয়ে বিভিন্ন সময়ে প্রতিবাদ জানিয়েছেন। সে দেশের ব্লগ সিনা ওয়েবিওতে এক মা বলেন, তিনি কোনো পুরুষকে বিয়ে না করেই সন্তান ধারণ করতে চান। কিন্তু সরকার তাঁকে সে অনুমতি দেয়নি। আরেক একলা মা বলেন, অবিবাহিত অবস্থায় সন্তান থাকার জন্য তাঁকে এখনো জরিমানা গুনতে হয়। চীনের যেসব নারী একলা মা হতে চান, তাঁরা বিদেশের বিভিন্ন হাসপাতালে ডিম্বাণু হিমায়িত করে রাখেন। কারণ চীনের বর্তমান নীতিতে একলা মায়েদের সন্তান ধারণের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। দুই সন্তান তো দূরের কথা, এক সন্তান নেওয়ার জন্য প্রতিনিয়ত তাঁরা দুর্ভোগের শিকার হন।

সরকারি নির্দেশ মেনেই চীনে দীর্ঘদিন ধরে দম্পতিরা এক সন্তাননীতি মেনে চলেছেন। এতে সে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। সামাজিক লিঙ্গবৈষম্য বেড়েছে। কর্মক্ষম জনসংখ্যাও কমে গেছে। জনসংখ্যাতাত্ত্বিক এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতেই চীন আবার দুই সন্তাননীতিতে ফিরেছে। চীনের সরকারি গণমাধ্যম সিনহুয়া বলছে, সে দেশে এখন তিন কোটি পুরুষ বউ খুঁজে পাচ্ছেন না।

একলা মা হতে ইচ্ছুক এমন অনেকে নারী বলেছেন, তাঁরা বিয়ে করতে চান না। কিন্তু সরকারের বৈষম্যমূলক নীতির কারণে তাঁরা বিয়ে করতে বাধ্য হচ্ছেন।

এক সন্তাননীতি থেকে সরে এসেছে চীন। ছবি: রয়টার্স
এক সন্তাননীতি থেকে সরে এসেছে চীন। ছবি: রয়টার্স

বিপদ অন্যদিকেও আছে। চীনের নারীবাদীরা বলছেন, দুই সন্তাননীতির কারণে চীনের নারীরা নতুন চাপে পড়তে যাচ্ছেন। সরকার জনসংখ্যার চাহিদা পূরণের জন্য নারীদের অস্ত্র বানাচ্ছে। নারীবাদী কর্মী এল পিন তাঁর এক নিবন্ধে বলেছেন, দুই সন্তান নিতে গিয়ে চীনের অনেক কর্মজীবী নারী কর্মক্ষেত্রে অসুবিধায় পড়বেন। এমনকি যাঁরা সন্তান নিতে চান না, তাঁদেরও সরকার সন্তান নিতে বাধ্য করতে পারে। বিবিসি অবলম্বনে