দুই সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ, সরঞ্জাম উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের ব্যাংককের ইরাওয়ান মন্দিরে বোমা বিস্ফোরণের ঘটনায় আরেকটি বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এসব সরঞ্জাম উদ্ধারের পর নতুন করে আরও দুই সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। খবর এএফপির।
ব্যাংককের নন চোক এলাকার একটি বাসা থেকে গত শনিবার সকালে এক বিদেশি সন্দেহভাজনকে আটক ও ওই বাসা থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে পুলিশ। পরে তাঁর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত রোববার ব্যাংককের মিন বুরি জেলার একটি ভবনের কয়েকটি ফ্ল্যাটে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের মুখপাত্র প্রাউত থাভারনসিরি বলেন, ‘আমরা রাসায়নিক সারের ব্যাগ, ঘড়ি ও বেতার নিয়ন্ত্রণ যন্ত্র পেয়েছি। এগুলো বোমা তৈরি সরঞ্জাম। বোমা তৈরির ইচ্ছা ছাড়া কেউ ইউরিয়া সার এবং গানপাউডার সংগ্রহে রাখেন না।’
গত ১৭ আগস্ট ব্যাংককের ইরাওয়ান ব্রহ্মামন্দিরে বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হয়।