মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ ফ্লাইট এমএইচ ৩৭০-এর অনুসন্ধান কার্যক্রম আগামী দুই সপ্তাহের মধ্যেই শেষ হবে বলে দেশটির সরকার গতকাল শুক্রবার জানিয়েছে। এ সময়ে প্রায় ১ লাখ ২০ হাজার বর্গকিলোমিটারজুড়ে অনুসন্ধান কাজ শেষ হবে।
দুর্ঘটনাকবলিত বিমানটি সাগরের যেখানে পড়ে গিয়েছিল বলে বিশেষজ্ঞদের ধারণা, সে এলাকা ও আশপাশের বিশাল এলাকাজুড়ে ব্যাপক অনুসন্ধান চালানো হয়েছে। গত মাসে তদন্তকারীরা প্রথমবারের মতো স্বীকার করেন, এত দিন সম্ভবত ভুল স্থানে অনুসন্ধান করা হয়েছে। তাঁরা পরামর্শ দেন, সাগরের আরও উত্তরের ২৫ হাজার বর্গকিলোমিটার এলাকা অনুসন্ধান করা হোক। কিন্তু মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী লিও শং লাই গতকাল সাংবাদিকদের বলেন, ১ লাখ ২০ হাজার বর্গকিলোমিটার এলাকার তল্লাশি সম্পন্ন হলে অনুসন্ধান কার্যক্রম শেষ করা হবে। কারণ, অনুসন্ধান বাড়ানোর পেছনে কোনো ‘বিশ্বাসযোগ্য সূত্র’ পাওয়া যায়নি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামাকে মালয়েশীয় পরিবহনমন্ত্রী জানান, অনুসন্ধান কাজ সমন্বয়কারী অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর সব শেষ প্রতিবেদনটি এক কিংবা দুই সপ্তাহের মধ্যে হাতে আসবে। এরপর শিগগিরই অনুসন্ধান মিশনটি শেষ করা হবে।
রহস্যজনকভাবে নিখোঁজ বিমানটির আরোহীদের অনেকের পরিবার অনুসন্ধান কাজ চালিয়ে যাওয়া এবং অন্য স্থানে তল্লাশি চালানোর অনুরোধ করেছেন।
২০১৪ সালের মার্চে ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে মালয়েশিয়া এয়ারলাইনসের বেইজিংগামী ফ্লাইট এমএইচ ৩৭০ নিখোঁজ হয়। এটির যাত্রীদের বেশির ভাগই ছিলেন গন্তব্যস্থল চীনের নাগরিক। এই উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার ঘটনা বিমান দুর্ঘটনা নিয়ে বিশ্বের বড় বড় রহস্যগুলোর একটি।
মন্ত্রী আরও বলেছেন, অনুসন্ধান কাজ নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে ২৮ জানুয়ারির আগেই এ কাজে যুক্ত তিন দেশ-মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা রয়েছে।