দুই সাবেক খেমার রুজ নেতার যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্বোডিয়ায় খেমার রুজরা ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ২০ লাখ ব্যক্তিকে হত্যা করে। এই কঙ্কালগুলো তারই চিহ্ন বহন করছে। ছবি: এএফপি
কম্বোডিয়ায় খেমার রুজরা ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ২০ লাখ ব্যক্তিকে হত্যা করে। এই কঙ্কালগুলো তারই চিহ্ন বহন করছে। ছবি: এএফপি

কম্বোডিয়ায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের বিষয়টি প্রমাণিত হওয়ায় সাবেক দুই খেমার রুজ নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত জাতিসংঘ-সমর্থিত আদালত এ রায় দেন। আজ বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।

এই দুই শীর্ষ নেতা হলেন ‘ব্রাদার নাম্বার টু’ হিসেবে পরিচিত নুয়ন চেয়া (৮৮) ও সাবেক রাষ্ট্রপ্রধান খিউ সাম্পান (৮৩)। তাঁরা সাবেক মাওবাদী শাসক পল পটের ঘনিষ্ঠজন ছিলেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে শীর্ষ পর্যায়ের কোনো নেতার বিরুদ্ধে সাজার রায় এটিই প্রথম।

রায় শুনে স্বজনকে ধরে আনন্দে কেঁদে ফেলেন খেমার রুজদের নির্যাতনে বেঁচে যাওয়া ৭০ বছর বয়সী খিউ ফিয়াতারাক। ছবি: রয়টার্স
রায় শুনে স্বজনকে ধরে আনন্দে কেঁদে ফেলেন খেমার রুজদের নির্যাতনে বেঁচে যাওয়া ৭০ বছর বয়সী খিউ ফিয়াতারাক। ছবি: রয়টার্স

এই দুজনের রায় ঘোষণার সময় বিচারক নিল নোন জানান, আসামিরা মানবতাবিরোধী অপরাধ, হত্যা, রাজনৈতিক নিপীড়ন ও অন্যান্য বর্বর কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত হয়েছেন।

শীর্ষ এই দুই খেমার রুজ নেতার আইনজীবীরা জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। তবে বিচারক জানিয়েছেন, রায়ের বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই দুই নেতা আটক থাকবেন।

নুয়ন চেয়ার আইনজীবী সন আরুন বলেন, ‘আমার মক্কেলের জন্য এই রায় অন্যায্য। তিনি এসব অপরাধের অনেকগুলোর বিষয়ে কিছুই জানতেন না কিংবা তিনি নিজে এসব অপরাধ করেননি।’

তবে রাষ্ট্রপক্ষের ১৯৭৫-১৯৭৯ সাল পর্যন্ত সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। ওই সময় ২০ লাখ ব্যক্তিকে হত্যা করা হয়।

জাতিসংঘ-সমর্থিত আদালত মানবতবিরোধী অপরাধের দায়ে কম্বোডিয়ার ‘ব্রাদার নাম্বার টু’ হিসেবে পরিচিত নুয়ন চেয়া (৮৮) ও সাবেক রাষ্ট্রপ্রধান খিউ সাম্পানকে (৮৩) যাবজ্জীবন কারাদণ্ড দেন। তাঁরা সাবেক মাওবাদী শাসক পল পটের ঘনিষ্ঠজন ছিলেন। ছবি: এএফপি

রায় শুনে খেমার রুজদের নির্যাতনে বেঁচে যাওয়া ৭০ বছর বয়সী খিউ ফিয়াতারাক বলেন, ‘এই রায় শোনার জন্য ৩৫ বছর ধরে অপেক্ষা করছি। আমি কোনো দিনই ওই সময়ের নির্যাতনের কথা ভুলতে পারব না। তবে এই রায় আমার মনে স্বস্তি এনে দিয়েছে। এটি বিজয়। কম্বোডিয়ার সব নাগরিকের জন্য আজকের দিনটি ঐতিহাসিক।’