হাসপাতাল স্কুলে বিমান হামলায় নিহত ৫০

সিরিয়ার উত্তরাঞ্চলে গতকাল সোমবার কমপক্ষে পাঁচটি হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্র ও দুটি বিদ্যালয়ে বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় শিশুসহ অন্তত ৫০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ হামলার দায় কেউ স্বীকার করেনি। খবর এএফপির।
জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক জানান, হাসপাতাল ও বিদ্যালয়ে এ ধরনের হামলাকে আন্তর্জাতিক আইনের ভয়ংকর লঙ্ঘন হিসেবে অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানায়, উত্তরাঞ্চলের আজাজ শহরের একটি হাসপাতালে হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১০ জন। ধসে পড়া ভবনের নিচে আরও অনেকে রয়েছে বলে মনে করা হচ্ছে।
চিকিৎসা সেবাদানকারী সংস্থা এমএসএফ বলেছে, মারাত আল নুমান শহরে তাদের পরিচালিত হাসপাতালের ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে রোগী ও হাসপাতালকর্মীসহ সাতজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত সাতজন কর্মী।