দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া দেশটির পূর্ব উপকূল থেকে আবার মাঝারি পাল্লার দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। প্রথম উৎক্ষেপণটি ব্যর্থ হলেও দ্বিতীয় উৎক্ষেপণটি পিয়ংইয়ংয়ের এ পর্যন্ত সবচেয়ে সফল পরীক্ষা বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র বলেন, উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা দুটি ক্ষেপণাস্ত্রই জাপান সাগরের দিকে নিক্ষেপ করা হয় এবং একসময় তা সেখানেই পড়ে যায়।
ওয়াশিংটন ও সিউলের ধারণা, দুটি ক্ষেপণাস্ত্রই মাঝারি পাল্লার মুসুদান।
দক্ষিণ কোরিয়া জানায়, উৎক্ষেপণ করা প্রথম ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রটি সাগরে পড়ার আগে ১৫০ কিলোমিটার অতিক্রম করে। এর প্রায় দুই ঘণ্টা পর উৎক্ষেপণ করা দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার কিলোমিটার উঁচুতে ওঠে এবং প্রায় ৪০০ কিলোমিটার দূরে গিয়ে পড়ে। একে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার সবচেয়ে কার্যকর পরীক্ষা বলা হচ্ছে। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া নিবিড়ভাবে উৎক্ষেপণটি বিশ্লেষণ করছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র কমান্ডার গ্যারি রস এক বিবৃতিতে বলেন, ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্র দুটিই মাঝারি পাল্লার মুসুদান ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের উনসান থেকে সেগুলো উৎক্ষেপণ করা হয়। এর কোনোটিই উত্তর আমেরিকার জন্য হুমকি সৃষ্টি করেনি।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কারবি উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা করেন।
প্রতিবেশী জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, যদি এটি সত্যিই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ হয়, তাহলে স্পষ্টতই তা বরদাশত করা যায় না। প্রথম উৎক্ষেপণের খবর প্রচারিত হওয়ার পর শিনজো আবে বলেন, ‘আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ঘটনাটি বিশ্লেষণ করব এবং দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে কাজ করব।’
উত্তর কোরিয়া সাম্প্রতিক মাসগুলোতে চারটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে ব্যর্থ হয়। এখন এর কোনো উৎক্ষেপণ সফল হয়েছে বলে নিশ্চিত হলে তা দেশটিকে এ ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে নেবে।