দুতার্তে পুলিশকে দুর্নীতিগ্রস্ত বলার পর 'মাদকবিরোধী যুদ্ধ' স্থগিতের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ স্থগিত করা হবে বলে ঘোষণা করেছেন দেশটির পুলিশ-প্রধান রোনাল্ড দেলা। প্রেসিডেন্ট দুতার্তে তাঁর দেশের প্রায় অর্ধেক পুলিশ সদস্য দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করায় এবং পুলিশের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালানোর ঘোষণা দেওয়ায় রোনাল্ড দেলা এই ঘোষণা দেন।

তথাকথিত মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত বহু লোককে হত্যা করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ উঠেছে দুতার্তের বিরুদ্ধে। ‘মাদকবিরোধী লড়াইয়ে’ মূলত পুলিশ বাহিনীকে ব্যবহার করছেন দুতার্তে। কিন্তু গতকাল সোমবার তিনি পুলিশ বাহিনীকে ‘গোড়াতেই দুর্নীতিগ্রস্ত’ বলে মন্তব্য করেছেন। এর পরপরই এক সংবাদ সম্মেলন করে অভিযান অব্যাহত না রাখার ঘোষণা দেন পুলিশ-প্রধান রোনাল্ড দেলা।

গতকাল গণমাধ্যমকর্মীদের দুতার্তে বলেন, পুলিশ বাহিনী সবচেয়ে বেশি দুর্নীতিপরায়ণ। তারা গোড়াতেই দুর্নীতিগ্রস্ত। পুরো কাঠামোতেই গলদ আছে। 

পুলিশ নিয়ে দুতার্তের এই মন্তব্যের পরপরই সংবাদ সম্মেলনে রোনাল্ড দেলা বলেন, প্রেসিডেন্ট সবার আগে পুলিশ বাহিনীতে ‘শুদ্ধি’ অভিযান চালাতে বলেছেন। তাই মাদকবিরোধী অভিযান স্থগিত করা হবে। এই সংক্রান্ত বাহিনীগুলো বাতিল করা হবে। বাহিনীকে দুর্নীতিবাজ কর্মকর্তাদের থেকে মুক্ত করার পর হয়তোবা মাদকবিরোধী অভিযান নতুন করে শুরু হতে পারে।