দুতার্তেকে একদিন মাশুল দিতে হবে: ডি লিমা
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কড়া সমালোচক সিনেটর লেইলা ডি লিমা বলেছেন, দুতার্তে ও তাঁর ‘অন্ধ সমর্থকদের’ একদিন মাদক বিরোধী লড়াইয়ের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য মাশুল দিতে হবে।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে গতকাল শুক্রবার পোস্ট করা হাতে লেখা একটি নোটে এ কথা বলেছেন ডি লিমা।
দুতার্তের মাদকবিরোধী অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে গত বছর এ নিয়ে সিনেট তদন্তের নেতৃত্ব দেন ডি লিমা। সম্প্রতি এ নিয়ে প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করার পর গত সপ্তাহে তাঁকেই মাদক বাণিজ্যে সহায়তার অভিযোগ তুলে গ্রেপ্তার করা হয়। এ মামলায় তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ফেসবুকে পোস্ট করা ডি লিমার নোটে দুতার্তেকে উদ্দেশ করে আরও বলা হয়েছে, ‘আমাদের জনগণ ও বিশ্বকে বোকা বানানো বন্ধ করুন।’ এর আগে গত সপ্তাহে তিনি দুতার্তেকে একজন ‘মানসিক সমস্যাগ্রস্ত ক্রমিক খুনি’ আখ্যা দেন।
ডি লিমার নোটের জবাবে দুতার্তের প্রধান আইনজীবী সালভাদর পানেলো টুইটারে লিখেছেন, ‘তাঁর (ডি লিমা) নিজের উদ্দেশ্যেই লেখা উচিত এবং নিজেকে বলা উচিত, নিজের ও জনগণের সঙ্গে প্রতারণা বন্ধ করো।...ডি লিমার বাস্তবতা মেনে নেওয়া উচিত।’
গত বছরের জুন মাসে দুতার্তের কঠোর মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় আট হাজার মানুষ নিহত হয়েছেন। এই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আড়াই হাজারেরও বেশি অভিযান চালিয়েছে।