দুতার্তের বিতর্কিত মন্তব্যের সাফাই গাইলেন মুখপাত্র

‘ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করা উচিত নয়। আর ইহুদি নিধনযজ্ঞ (হলোকস্ট) নিয়ে তাঁর বক্তব্য ছিল একটা তির্যক বিচ্যুতি’—দুতার্তের মুখপাত্র গতকাল শনিবার এমন কথা বলেছেন।
ফিলিপাইনে মাদকাসক্ত ব্যক্তিদের দমনে প্রেসিডেন্ট দুতার্তে জার্মানির সাবেক স্বৈরশাসক হিটলারের মতো কঠোর হওয়ার ঘোষণা দিলে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা শুরু হয়। দুতার্তে বলেছিলেন, তিনি মাদকাসক্ত লাখ লাখ মানুষকে হত্যা করতে চান, ঠিক যেমন হিটলার লাখো ইহুদিকে নিধন করেছিলেন।|
এ বিষয়ে দুতার্তের মুখপাত্র আর্নেস্তো আবেলা গতকাল দুটি বিবৃতি দিয়েছেন। তিনি প্রেসিডেন্টের বক্তব্যে উল্লিখিত দুটি বিষয়কে (মাদকাসক্ত লোকজন এবং হিটলারের আক্রোশের শিকার লোকজন) সম্পূর্ণ ভিন্ন আখ্যা দেন। আবেলার এ বক্তব্যের ধরনটা প্রায় ক্ষমা চাওয়ার মতোই ছিল। ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, দুতার্তে একটি তির্যক উপসংহার টেনেছেন। হলোকস্ট ছিল ইহুদিদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার একটি চেষ্টা।
দুতার্তে গত জুনে ফিলিপাইনের প্রেসিডেন্ট হওয়ার পর মাদকবিরোধী কঠোর অভিযান শুরু করেন। এতে এ পর্যন্ত অন্তত ৩ হাজার ১০০ জন নিহত হয়েছে। তাদের অধিকাংশই মাদক ব্যবহারকারী বা চোরাচালানি।
হিটলারের কঠোরতার সঙ্গে নিজের তুলনা করে দুতার্তের বক্তব্য বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তুলেছে। যুক্তরাষ্ট্রে একাধিক ইহুদি সংগঠন দুতার্তের ওই মন্তব্যের কঠোর নিন্দা জানিয়েছে। আবেলা বলেন, হলোকস্টের সুগভীর তাৎপর্য সম্পর্কে দুতার্তে ওয়াকিবহাল রয়েছেন।