দুতার্তের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানিলা থিয়েটার গ্রুপের একটি নাটকের দৃশ্য l ছবি: রয়টার্স
ম্যানিলা থিয়েটার গ্রুপের একটি নাটকের দৃশ্য l ছবি: রয়টার্স

হঠাৎ করে অজ্ঞাত অস্ত্রধারীর গুলি। মারা পড়েছেন এক ব্যক্তি। উদ্বিগ্ন এক সাংবাদিক ছুটে যাচ্ছেন ঘটনাস্থলে। গিয়ে দেখছেন, পুলিশ লাশের সুরতহাল করছে।

এটি একটি মঞ্চনাটকের দৃশ্য। মঞ্চস্থ করেছে ম্যানিলা থিয়েটার গ্রুপ। তবে নাটকের এই দৃশ্য বাস্তবে প্রতিনিয়তই ঘটছে ফিলিপাইনে। প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে দায়িত্ব নেওয়ার পর ফিলিপাইনে তথাকথিত মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর এ ঘটনা প্রতিনিয়তই ঘটছে। দেশি-বিদেশি সমালোচনার পরও তা বন্ধ হচ্ছে না। দুতার্তে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন গত ৩০ জুন। এরপরের চার মাসে ২ হাজার ৪০০ জনের বেশি লোক মাদকবিরোধী অভিযানে নিহত হয়েছেন।

ম্যানিলা থিয়েটার গ্রুপের নাটকে কেউ হতাহত হননি। কিন্তু বাস্তবে আক্রান্ত ব্যক্তিরা এত সৌভাগ্যবান নন। তাঁরা আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন।

নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা রোসবল তোলেদো বলেন, এই মঞ্চনাটকের প্রধান উদ্দেশ হচ্ছে মানবাধিকার ও সঠিক পন্থার ব্যাপারে সচেতন করা। তিনি বলেন, ‘জীবন মানবাধিকারের মূলে। এটা কেড়ে নেওয়া কোনো সমাধান নয়। যদি আমাদের মাদক ব্যবসায়ী, ধর্ষক ও হত্যাকারীদের নিয়ে সমস্যা থাকে, তা সমাধানের জন৵ তো আইন আছে। আদালত আছে। কোনো ব্যক্তিকে কল্যাণকর মনে করছেন না, এ জন্য তাঁকে মেরে ফেলবেন এটা তো হতে পারে না।’

একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিকোলে ল্যরেঞ্জো মঞ্চনাটকটি পরিচালনা করেন। নাটকে দেখানো হয়, হত্যাকারীরা তথাকথিত ন্যায়ের জন্য হত্যা করছে। কেবল এমন লোকজনকেই হত্যা করছে, যাদের তারা অপরাধী মনে করে। তবে যারা মারছে তারা যে অন্যায় করছে, সেটা তারা উপলব্ধি করছে না।

ফিলিপাইনে এ ধরনের বক্তব্য দুতার্তের মনে আঘাত হানে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করায় ইতিমধ্যে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের ওপর নিজের ক্ষোভ ঝেড়েছেন দুতার্তে। তিনি দেশ থেকে অপরাধ ও মাদক নির্মূলে প্রত্যয় ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও ফিলিপাইনের নাগরিকদের কাছে এই উদ্যোগ সমাদৃত হয়েছে।

পুলিশের দাবি, নিহত ব্যক্তিদের অধিকাংশই কুখ্যাত মাদক ব্যবসায়ী। বাকিরা মাদক ব্যবসায়ী দলগুলোর মধ্যে বন্দুকযুদ্ধে মারা গেছে।