দুতার্তের বিরুদ্ধে 'শক্তি প্রদর্শন'
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে মাদকবিরোধী অভিযানের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছেন—এমন অভিযোগ করে এর প্রতিবাদে মাঠে নেমে ‘শক্তি প্রদর্শন’ করেছেন হাজারো ক্যাথলিক খ্রিষ্টান। গতকাল শনিবার তাঁরা ম্যানিলায় প্রতিবাদ সমাবেশ করেন।
দেশটির ক্যাথলিক যাজক এবং ধর্মাবলম্বীদের একটি সংগঠন দীর্ঘদিনের পুরোনো এবং প্রভাবশালী। তারা ‘শক্তি প্রদর্শনের’ এই আয়োজন করে।
ম্যানিলার একটি চার্চের যাজক ব্রডারিক পাবিল্লো বলেন, ‘আমাদের প্রতিবাদ করা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে এই বিক্ষোভ শক্তি প্রদর্শনে পরিণত হয়েছে। চারপাশে যা ঘটছে, এতে আমি ক্ষুব্ধ ও শঙ্কিত। আমরা মনে হচ্ছে বর্বর যুগে ফিরে যাচ্ছি। এটা আমাদের মানবতাবোধের প্রদর্শন নয়।’
ক্যাথলিক ধর্মাবলম্বীদের এই সংগঠনকে বেশ শক্তিশালী বলে মনে করা হয়। ১৯৮৬ সালে স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ক্যাথলিক চার্চের নেতারা।