দুতার্তের সমালোচক সেই নারীর বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের ‘মাদকবিরোধী লড়াইয়ের’ কড়া সমালোচক নারী সিনেটর লেইলা ডি লিমার (৫৭) বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ ঘটনাকে লিমার কণ্ঠরোধের চেষ্টা বলে সমালোচনা করেছেন তাঁর ক্ষুব্ধ সমর্থকেরা।
লেইলার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁর আজীবন কারাবাস মিলতে পারে। এই আইনজীবী এক দশক ধরে দুতার্তেকে দেশটির ‘ডেথ স্কোয়াড’ নামের এক খুনি বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট করার চেষ্টা চালিয়ে আসছেন। পুলিশ বাহিনীর একজন সাবেক কর্মকর্তা গত সোমবার পার্লামেন্টে অভিযোগ করেন, দুতার্তে দাভাও শহরের মেয়র থাকাকালে ‘ডেথ স্কোয়াড’ গঠন করে পুলিশকে পয়সাকড়ি দিয়ে তাঁর বহু সমালোচককে মেরে ফেলেছেন। মাত্র দুদিন আগে দুতার্তেকে একজন ‘সিরিয়াল কিলার’ আখ্যায়িত করে তাঁকে ক্ষমতা থেকে টেনে নামাতে হবে বলে মন্তব্য করেছিলেন লেইলা। গত মঙ্গলবার তিনি বলেন, তাঁর মুখ বন্ধ করার জন্য সরকার তাঁর বিরুদ্ধে মাদকসংক্রান্ত মামলা করেছে। তিনি দেশটিতে ‘পিপল পাওয়ার রেভল্যুশন’-এর ডাকও দেন। এই গণ-অভ্যুত্থানের জেরেই তিন দশক আগে স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের পতন হয়েছিল।
গতকাল ম্যানিলার আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর অশ্রুসিক্ত লেইলা সাংবাদিকদের বলেন, ‘আমার পালানোর কোনো পরিকল্পনা নেই। পরিকল্পনা নেই কোথাও লুকানোরও। আমি আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মোকাবিলা করব।’