দুবাইয়ে পাঁচ তারকা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে অ্যাড্রেস ডাউনটাউন নামের একটি বিলাসবহুল পাঁচ তারকা হোটেল ভবনে গতকাল বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সুউচ্চ ভবনটির পাশেই বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার অবস্থান। খবর এএফপি ও বিবিসির।
কী কারণে এক হাজার ফুট উচ্চতার ভবনটিতে আগুন লাগে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে সরকারের কর্মকর্তারা টুইটারে বলেছেন, ভবনটির ২০ তলা থেকে আগুন লাগে। স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় আগুনের সূত্রপাত।
টুইটারে প্রকাশিত প্রাথমিক ছবিগুলোতে দেখা যায়, অন্তত ৬০ তলাবিশিষ্ট ভবনটির নিচের অংশে আগুন লাগে। কিন্তু উত্তর থেকে আসা প্রচণ্ড বাতাসের কারণে আগুন দ্রুতই অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে থাকে।
ঘটনাস্থলের আশপাশে থাকা প্রত্যক্ষদর্শীরা বলেছেন, নববর্ষ উপলক্ষে পাশের বুর্জ খলিফা ভবন থেকে মধ্যরাতে বিরাট আতশবাজি প্রদর্শনী শুরু হওয়ার আগে এ অগ্নিকাণ্ড ঘটে। ওই আতশবাজি দেখতে ২০ লাখের মতো মানুষের দুবাইয়ের মধ্যাঞ্চলে জড়ো হবে বলে আশা করা হচ্ছিল। অগ্নিকাণ্ডের পর আতশবাজির প্রদর্শনী দেখতে জড়ো হওয়া লোকজনকে সেখান থেকে সরে যেতে বলা হয়। ওই হোটেল ভবনসহ আশপাশের দুবাই মলসহ অন্যান্য ভবন থেকেও লোকজনকে সরিয়ে নেওয়া হয়।
অ্যাড্রেস ডাউনটাউন হোটেলের একজন কর্মী খালিজ টাইমসকে জানান, তাঁদের রাত নয়টার সময় হোটেল ত্যাগ করতে বলা হয়।
অগ্নিকাণ্ডের পর ভবনটি থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। ভবনটিতে একটি বিলাসবহুল হোটেলের পাশাপাশি বহু অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স রয়েছে।
দুবাইয়ে অবস্থানকারী একজন পর্যটক মিশেল ডিউক বিবিসিকে বলেন, ‘হঠাৎ করেই আমরা দেখতে পাই খলিফা টাওয়ার ও ওই হোটেলের মাঝখান দিয়ে কালো ধোঁয়ার বিরাট কুণ্ডলী বেরিয়ে আসছে। এই আগুনের মাত্রাটা আসলে অনেক বড় ছিল। আর আমরা বিষয়টা জানার আগেই অ্যাড্রেস হোটেলটি কমলা রঙের আগুনে ঢেকে যায়।’
দুবাই পুলিশের প্রধান খামিস মাত্তার আল মাজেইনা খালিজ টাইমসকে বলেন, প্রচণ্ড ধোঁয়ার কারণে শাসকষ্টে ভোগা ১৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।