দুর্ঘটনার কারণ জানতে এক মাস লাগতে পারে
ব্ল্যাক বক্স উদ্ধার করা হলেও তা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এয়ারএশিয়ার উড়োজাহাজটির বিধ্বস্ত হওয়ার কারণ জানতে এক মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর রয়টার্সের।
জাভা সাগরের তলদেশ থেকে উড়োজাহাজটির পাখার অংশের ধ্বংসাবশেষ থেকে ডুবুরিরা ব্ল্যাক বক্সটি উদ্ধার করেছেন। এরপর সেটি হেলিকপ্টারে করে ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের দক্ষিণাঞ্চলীয় শহর পাংকালান বানে নিয়ে যাওয়া হয়।
ইন্দোনেশিয়ার জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির (এনটিএসসি) প্রধান তাতাং কুর্নিয়াদি জানিয়েছেন, ব্ল্যাক বক্সটি আপাতদৃষ্টিতে ভালো অবস্থায় রয়েছে। এনটিএসসির আরেক কর্মকর্তা বলেন, ব্ল্যাক বক্স থেকে তথ্য-উপাত্ত ডাউনলোড করা সহজ। সম্ভবত এক দিনের মধ্যেই হয়ে যাবে। তবে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা তুলনামূলকভাবে কঠিন। এ কাজ করতে দুই সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।