দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে বিলাসবহুল যানবাহন ধ্বংস করলেন দুতের্তে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে প্রায় ৫৫ লাখ ডলার মূল্যমানের বিলাসবহুল যানবাহন ধ্বংস করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ছবি: ইউটিউব থেকে নেওয়া
দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে প্রায় ৫৫ লাখ ডলার মূল্যমানের বিলাসবহুল যানবাহন ধ্বংস করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ছবি: ইউটিউব থেকে নেওয়া

দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে প্রায় ৫৫ লাখ ডলার মূল্যমানের বিলাসবহুল যানবাহন ধ্বংস করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। এসব যানবাহনের মধ্যে আছে চার চাকার গাড়ি ও মোটরসাইকেল। গত সোমবার এই যানবাহন ধ্বংস করা হয়। এ সময় প্রেসিডেন্ট দুতার্তে নিজে উপস্থিত ছিলেন।

সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, মোট ৭৬টি গাড়ি ও মোটরসাইকেল সোমবার ধ্বংস করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিওচিত্র ফিলিপাইনের সরকার প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, সারি সারি সাজানো বিলাসবহুল গাড়ি ও মোটরসাইকেলগুলো ঘুরে দেখছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। এরপর সেগুলোর ওপর উঠিয়ে দেওয়া হয় বুলডোজার।

বিলাসবহুল গাড়িগুলোর মধ্যে ছিল ল্যাম্বোরগিনি, মার্সিডিজ-বেঞ্জ এবং পোরশের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের গাড়ি। ফিলিপাইনের সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এই গাড়িগুলো চোরাচালান করে আনা হয়েছিল। এভাবে আনা মোট ৮০০ গাড়ি ফিলিপাইনে ধরা পড়েছে। এগুলোর ৭৬টি সোমবার ধ্বংস করা হয়েছে।

বুলডোজার চালিয়ে দেওয়ার পর বিশ্বখ্যাত ব্র্যান্ডের বিলাসবহুল গাড়িগুলোর অবস্থা ছিল এমন। ফিলিপাইন সরকারের পক্ষ থেকে ছবিটি প্রকাশ করা হয়েছে
বুলডোজার চালিয়ে দেওয়ার পর বিশ্বখ্যাত ব্র্যান্ডের বিলাসবহুল গাড়িগুলোর অবস্থা ছিল এমন। ফিলিপাইন সরকারের পক্ষ থেকে ছবিটি প্রকাশ করা হয়েছে

তবে ফিলিপাইনে আয়োজন করে বিলাসবহুল যানবাহন ধ্বংসের ঘটনাই এবারই প্রথম নয়। এর আগেও প্রেসিডেন্ট দুতার্তে এ কাজ করেছেন। গত ফেব্রুয়ারিতে তিনি ৩০টি বিলাসবহুল গাড়ি ধ্বংসের নির্দেশ দিয়েছিলেন। দুতার্তের যুক্তি, এসব গাড়ি নিলামে বিক্রি করা হলে তা ফের অপরাধী চক্রের হাতে চলে যেতে পারে।

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েই ফিলিপাইনে ২০১৬ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন রদ্রিগো দুতার্তে। এরপর তাঁর নির্দেশে দেশটিতে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ’ চালানো হয়। এ ঘটনায় ব্যাপক বিতর্কিত হন দুতার্তে।

মানবাধিকার সংস্থাগুলো দুতার্তের বিরুদ্ধে সরব থাকলেও পাত্তাই দিচ্ছেন না তিনি। সম্প্রতি দেশটির কংগ্রেসে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘আপনাদের চিন্তা হলো মানবাধিকার নিয়ে, আমার হলো মানুষের জীবন নিয়ে।’

মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, দুতার্তের নির্দেশে ফিলিপাইনের পুলিশ শুধু মাদক ব্যবসায়ীদের হত্যা করেই ক্ষান্ত হচ্ছে না। একই সঙ্গে মাদকাসক্তদেরও হত্যা করা হচ্ছে। এতে করে দেশটির হাজার হাজার মানুষ নিহত হয়েছে।