দুর্নীতি মামলায় স্যামসাংয়ের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন-হাইয়ের বিরুদ্ধে সাংবিধানিক আদালতে অভিশংসন প্রক্রিয়ার অংশ হিসেবে স্যামসাংয়ের দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। খবর বিবিসি অনলাইনের।
স্যামসাংয়ের বিরুদ্ধে অভিযোগ, প্রতিষ্ঠানটি থেকে বড় অঙ্কের ঘুষ দেওয়া হয় অলাভজনক একটি প্রতিষ্ঠানকে, যা পরিচালনা করেন প্রেসিডেন্ট পার্ক গুন-হাইয়ের ঘনিষ্ঠ আস্থাভাজন চোই সুন-সিল। চোইয়ের ওপর বলপ্রয়োগ ও প্রতারণাচেষ্টার অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, চোই সুন-সিল সরকারের বিভিন্ন কৌশল নির্ধারণে মধ্যস্থতা করছেন এবং প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন।
আজ সোমবার স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান চৌই গি সাং ও চাং চুং কি-কে সন্দেহভাজন দোষী হিসেবে নয়, বরং প্রত্যক্ষদর্শী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়।
২০১৫ সালে ইলেকট্রনিক জায়ান্টটির অধীনস্থ নির্মাণ প্রতিষ্ঠান স্যামসাং সিঅ্যান্ডটি ও সহযোগী প্রতিষ্ঠান শেইল ইন্ডাস্ট্রিজের একীভূত হয়। এটি নিয়ে প্রতিষ্ঠানটির বহুসংখ্যক শেয়ারধারীর ভিন্নমত থাকলেও এই একীভূত হয়। তাদের দাবি ছিল, এই চুক্তির মাধ্যমে সংখ্যালঘু শেয়ারধারীরা ক্ষতিগ্রস্ত হবেন। তবে লাভবান হবে স্যামসাং গ্রুপের মালিক লি কুন-হি-এর পরিবার। দুই প্রতিষ্ঠানেই শেয়ার থাকা জাতীয় পেনশন তহবিল পরিচালনা প্রতিষ্ঠান ন্যাশনাল পেনশন সার্ভিস (এনপিএস) এই চুক্তির পক্ষে ভোট দেয়।
অভিযোগ রয়েছে, এই চুক্তিতে প্রেসিডেন্টের সমর্থন পাওয়ার জন্য চোই সুন-সিল ও তাঁর মেয়েকে ৩১ লাখ ডলার ঘুষ দেয় স্যামসাং। এ বিষয় গত মাসে এক শুনানিতে স্বীকারও করে স্যামসাং কর্তৃপক্ষ। তারা জানায়, চোই সুন-সিলের মেয়ের কর্মজীবনে উন্নতির জন্য এ অর্থ দেওয়া হয়।
দুর্নীতির অভিযোগে গত মাসে দেশটির পার্লামেন্টে প্রেসিডেন্ট পার্ক গুন-হাইয়ের বিরুদ্ধে অভিশংসন করার পক্ষে ভোট দেন অধিকাংশ আইনপ্রণেতা। পার্লামেন্টের এই সিদ্ধান্ত বহাল বা খারিজ করার ক্ষমতা রয়েছে সাংবিধানিক আদালতের।
প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। পার্ক গুন হে ও চোই সুন-সিল জাতির কাছে ক্ষমা চাইলেও তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।