দুর্নীতি মোকাবিলায় নেটওয়ার্ক করবে অ্যাপেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির তথ্য আদান-প্রদানের জন্য একটি নেটওয়ার্ক গড়ে তুলতে সম্মত হয়েছে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা জোট অ্যাপেক। নেটওয়ার্কের আওতায় দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থাও গড়ে তোলা হবে। জোটের সদস্যরাষ্ট্রগুলো গতকাল শনিবার এক বিবৃতিতে এ কথা জানায়। খবর রয়টার্স ও বিবিসির।
বিবৃতিতে বলা হয়, দুর্নীতি ঠেকানোর লক্ষ্যে চীনের প্রস্তাবে এই নেটওয়ার্ক গড়ে তুলতে সম্মত হন অ্যাপেক নেতারা।
চীনের রাজধানী বেইজিংয়ে আগামীকাল সোমবার থেকে দুই দিনব্যাপী ২১ সদস্যরাষ্ট্রের জোট অ্যাপেকের শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে।
অ্যাপেক এমন সময় দুর্নীতির তথ্য আদান-প্রদানের নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নিল যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাঁর দেশে দুর্নীতিবিরোধী ব্যাপক অভিযান চালাচ্ছেন। দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে দেশটিতে। অ্যাপেকের বিবৃতিতে জানানো হয়, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দৌরাত্ম্য ঠেকানো, বিচারের আওতায় থাকা কোনো বিদেশিকে প্রত্যর্পণ, পারস্পরিক আইনি সহায়তাসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার অঙ্গীকার করেছে দেশগুলো।
এিদকে চীন ও জাপানের দুই শীর্ষ নেতার দীর্ঘ প্রতীক্ষিত বৈঠকের জন্য টোকিও অনুকূল পরিবেশ সৃষ্টি করবে বলে প্রত্যাশা করছে বেইজিং। গতকাল বেইজিংয়ে অ্যাপেক মন্ত্রীদের বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি এই প্রত্যাশা ব্যক্ত করেন।