দুর্নীতিতে 'জড়িত ছিলেন' দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির ঘটনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের এক বন্ধুকে অভিযুক্ত করা হয়েছে। গতকাল রোববার তাঁকে অভিযুক্ত করে কৌঁসুলিরা মন্তব্য করেন, দুর্নীতির ঘটনায় পার্ক জিউন-হাইয়ের ‘উল্লেখযোগ্য’ ভূমিকা ছিল। তাঁর বিরুদ্ধে এক বন্ধু ও দুই সহযোগীর সঙ্গে মিলে দুর্নীতির ষড়যন্ত্র করার অভিযোগ করা হয়েছে। তবে প্রেসিডেন্ট পদে থাকার কারণে তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনা হচ্ছে না।

দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোহ বা সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ক্ষেত্রেই প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা করা যায়।

পার্ক জিউন-হাইয়ের বন্ধু চোই সুন-সিলকে দুর্নীতির মামলায় অভিযুক্ত করে কৌঁসুলিরা বলেন, চোই সুন-সিল সরকারের বিভিন্ন কৌশল নির্ধারণে মধ্যস্থতা করছেন এবং প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন। প্রেসিডেন্টের আরেকজন সহযোগীকে গোপন নথি প্রকাশের দায়ে অভিযুক্ত করা হয়েছে।

রাজধানী সিউলের প্রসিকিউটর লি ইয়ং-রাইল বলেন, প্রেসিডেন্ট পার্ক জিউন দুর্নীতির ঘটনায় ভূমিকা পালন করেছেন। তাঁর বন্ধু সুন-সিল প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের জেরে স্থানীয় একটি প্রতিষ্ঠানকে ৬০ মিলিয়ন ডলার দিতে বাধ্য করেন। ওই অর্থ সন্দেহভাজন একটি ফাউন্ডেশনের নামে নেওয়া হয়। পরে তিনি সেখান থেকে আর্থিকভাবে লাভবান হন। পার্ক জিউনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি বন্ধুকে ওই অর্থ তুলতে সাহায্য করেন এবং অন্য এক বন্ধুকে গোপন নথি প্রকাশের অনুমতি দেন।