দুর্নীতির অভিযোগ তদন্তে নেতানিয়াহুকে পুলিশের জিজ্ঞাসাবাদ

ইসরায়েলি পুলিশ দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করেছে। বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নেতানিয়াহু ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করে থাকতে পারেন এই অভিযোগের ব্যাপারে তাঁর কাছে জানতে চাওয়া হয়।
পুলিশের তদন্ত কর্মকর্তারা সোমবার জেরুজালেমে নেতানিয়াহুকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। নেতানিয়াহু এ সময় তাঁদের বলেন, তিনি নিরপরাধ। তিনি মিডিয়া ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সতর্ক করে দিয়ে বলেন, তাঁদের উল্লাস ‘আপাতত বন্ধ রাখা উচিত’। কারণ শেষে দেখা যাবে কোনো দুর্নীতি ঘটেনি।
জেরুজালেম পোস্ট পত্রিকার খবরে বলা হয়, পুলিশ কর্মকর্তারা নেতানিয়াহুর জেরুজালেমের বাসভবনে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। ওই সংবাদপত্রের খবরে আরও বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশি ও বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে হাজার হাজার ডলার মূল্যের ‘অবৈধ উপহার’ গ্রহণের অভিযোগ উঠেছে।
বিবিসি জানায়, বিরোধী রাজনীতিকেরা নেতানিয়াহুর কার্যকলাপ তদন্তের দাবি জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে কয়েকটি কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রীর নাম এসেছে।