দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার রুহানির ছোট ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ছোট ভাই হোসেন ফেরেইদুনকে আর্থিক অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বিচার বিভাগ সূত্র গতকাল রোববার এ কথা জানিয়েছে।

টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনে বিচার বিভাগের উপপ্রধান গোলামহোসেন মোহসেনি ইজেই বলেন, এই ব্যক্তির (হোসেন ফেরেইদুন) বিষয়ে কয়েক দফা তদন্ত করা হয়েছে। আরও কয়েকজনের বিষয়ে তদন্ত হয়েছে, যাঁদের কেউ কেউ কারাগারে। মোহসেনি আরও বলেন, শনিবার ফেরেইদুনকে জামিন দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তাঁর সদ্বব্যবহার করতে না পারায় কারাগারে পাঠানো হয়।

হোসেন ফেরেইদুন প্রেসিডেন্ট রুহানির গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে কাজ করতেন। প্রেসিডেন্টের কাছে যাওয়ার জন্য তাঁর সহায়তা নিতে হতো। সরকারের জেনারেল ইন্সপেকশন অর্গানাইজেশন দপ্তরের প্রধান নাসের সিরাজ এক বছর আগে আর্থিক অনিয়মের অভিযোগ করেছিলেন ফেরেইদুনের বিরুদ্ধে।