দুর্নীতির অভিযোগে বিপাকে চীনের জেডটিই
দুর্নীতির অভিযোগে বিপাকে পড়েছে চীনা বহুজাতিক প্রতিষ্ঠান জেডটিই। সম্প্রতি নাইজেরিয়ায় ৪৭ কোটি ডলার (বাংলাদেশি টাকায় প্রায় চার হাজার কোটি টাকা) দামের ক্লোজড সার্কিট ক্যামেরা সরবরাহে দুর্নীতির মামলায় তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এর আগে আফ্রিকার আরেক দেশ জাম্বিয়ায় দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠানটির ২১ কোটি ডলারের একটি চুক্তি বাতিল হয়।
চীনের বহুজাতিক এ প্রতিষ্ঠানটি টেলিযোগাযোগ যন্ত্রপাতি সরবরাহ, নেটওয়ার্ক স্থাপন ও মোবাইল ফোন প্রস্তুত করে থাকে। বাংলাদেশেও টেলিযোগাযোগ খাতে কাজ করেছে প্রতিষ্ঠানটি।
নাইজেরিয়ার একাধিক সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, দেশটির কেন্দ্রীয় আদালত জেডটিইকে দেওয়া ৪৭ কোটি ডলারের সিসিটিভি ক্যামেরার ঠিকাদারি কাজসংক্রান্ত মামলায় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন। ২০১১ সালে ঠিকাদারি কাজটি জেডটিইকে দেওয়া হয়। নাইজেরিয়ার বিভিন্ন এলাকায় বোকো হারামের সন্ত্রাসী কর্মকাণ্ডে নজরদারি ও নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করতে সিসিটিভি প্রকল্পটি হাতে নেওয়া হয়। কিন্তু জেডটিইর সরবরাহ করা সিসিটিভিগুলো ঠিকভাবে কাজ করেনি।
দেশটির কয়েকজন সাংসদ চুক্তির প্রক্রিয়ায় দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। আদালতে এ বিষয়ে অভিযোগ উঠলে আদালত নাইজেরিয়ায় অর্থনৈতিক দুর্নীতি কমিশনকে এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই নাইজেরীয় সরকার চুক্তিটি স্থগিত করেছে।
এর কিছুদিন আগে জাম্বিয়ায় দুর্নীতির অভিযোগে ২১ কোটি ডলারের একটি চুক্তি বাতিল করে দেশটির সরকার। দেশটিতে অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নের জন্য প্রায় এক হাজার ৬০০ কোটি টাকার এ প্রকল্প হাতে নেওয়া হয়।
কোনো রকম দরপত্র আহ্বান ছাড়াই জেডটিইকে একটি সরাসরি চুক্তির মাধ্যমে সিসিটিভি সরবরাহের ওই কাজটি দেওয়া হয়। এতে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তারা জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। জাম্বিয়ার দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, তদন্তের মাধ্যমে দুর্নীতির প্রমাণ পেয়েছে তারা। কিছু সংখ্যক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা অসাধু উপায়ে জেডটিইকে ঠিকাদারি কাজটি দিয়ে দেন।