দুর্নীতির দায়ে হোসনি মোবারকের তিন বছর কারাদণ্ড

দুর্নীতির দায়ে মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারককে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলাটির পুনর্বিচারের পর গতকাল কায়রোর একটি আদালত এই রায় দেন। খবর বিবিসির।
একই মামলায় মোবারকের দুই ছেলেকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। প্রেসিডেন্টের বাসভবনের সংস্কারের কাজে প্রায় দেড় কোটি ডলারের দুর্নীতির অভিযোগে এই মামলা হয়। রায়ে মোবারক এবং তাঁর দুই ছেলে আলা ও গামালের অর্থদণ্ডও হয়।
তবে মোবারক এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। গত ১৩ জানুয়ারি এই মামলায় প্রথম রায়ে সাবেক স্বৈরশাসককে অব্যাহতি দেওয়া হয়।
গণবিক্ষোভে ২০১১ সালে ক্ষমতাচ্যুত হোসনি মোবারকের বিরুদ্ধে এটিই শেষ মামলা।
কায়রোর একটি পুলিশ একাডেমিতে স্থাপিত আদালতে মোবারক এবং তাঁর দুই ছেলেই উপস্থিত ছিলেন। এ সময় বাইরে হোসনি মোবারকের ছবিসংবলিত টি-শার্ট পরে কয়েকজন সমর্থক উপস্থিত ছিল। রায় ঘোষণার পর তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।
মিসরের সর্বোচ্চ আদালত আগামী ৪ জুন মোবারকের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার বিষয়ে রায় দেবেন। নিম্ন আদালত ওই মামলায় মোবারককে অব্যাহতি দিয়েছেন।