দুর্নীতির মামলায় ওলমার্টের আট মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলায় ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের আট মাসের কারাদণ্ড দিয়েছেন জেরুজালেমের একটি আদালত। আদালত গত মার্চ মাসে ওলমার্টকে দোষী সাব্যস্ত করার পর গতকাল সোমবার এ রায় হলো। খবর এএফপির।
৬৯ বছর বয়সী এহুদ ওলমার্ট ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। ঘুষ নেওয়ার আলাদা একটি মামলায় এরই মধ্যে তাঁর ছয় বছরের কারাদণ্ড হয়েছে। বর্তমানে ওই দণ্ডের বিরুদ্ধে করা সুপ্রিম কোর্টে আপিল প্রক্রিয়া চলছে। ওলমার্ট সব সময়ই বলে আসছেন, দুর্নীতির অভিযোগগুলো ভিত্তিহীন।
দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে ওলমার্টের বিরুদ্ধে বিচার শুরু হওয়ার পর ২০১২ সালে প্রাথমিকভাবে তাঁকে অভিযোগগুলো থেকে রেহাই দেওয়া হয়েছিল। এর ফলে তিনি বিশ্বাস ভঙ্গের দায়ে একটি স্থগিত দণ্ডাদেশ ও ১৯ হাজার মার্কিন ডলারের জরিমানা থেকে বেঁচে যান। কিন্তু অন্য একটি দুর্নীতির মামলায় ওলমার্টের বিচার চলাকালে নতুন তথ্য-উপাত্ত বেরিয়ে আসে। তাঁরই সাবেক সচিব ও ঘনিষ্ঠ সহযোগী শুলা জাকেন এসব তথ্য-উপাত্ত ফাঁস করে দেন। জাকেনের সরবরাহ করা একটি অডিও কথোপকথনে ওলমার্টকে ২০০৩ ও ২০০৪ সালে বাণিজ্যমন্ত্রী থাকাকালে একজন ব্যবসায়ীর কাছ থেকে হাজার হাজার ডলার গ্রহণ করা নিয়ে কথা বলতে শোনা যায়।