দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় কোপ্পু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের উত্তরাঞ্চলে গতকাল রোববার আঘাত হানার পর ঘূর্ণিঝড় কোপ্পু দুর্বল হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে দুজন নিহত হয়েছে। হাজারো মানুষ ঘরহারা। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ঘূর্ণিঝড় কোপ্পু গতকাল সকালে লুজন দ্বীপের কাছে কাসিগুরান শহরে আঘাত হানে। কোপ্পুর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার। এর আঘাতে শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে বৈদ্যুতিক খুঁটি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কোপ্পুর প্রভাবে তিন দিন বৃষ্টি হবে। আজ ভোর নাগাদ বাতাসের গতিবেগ ১৫০ কিলোমিটারে নেমে এসেছে।
কর্মকর্তারা জানান, বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। বাড়ির ছাদে আশ্রয় নেওয়া বাসিন্দাদের সহায়তায় সেনা মোতায়েন করা হয়েছে।
ঘূর্ণিঝড় কোপ্পু দুর্বল হয়ে পড়লেও বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।