দুর্যোগ মোকাবিলায় আঞ্চলিক মহড়ার ওপর গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোদি, নওয়াজ
মোদি, নওয়াজ

দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোতে দুর্যোগ মোকাবিলায় বার্ষিক যৌথ মহড়া আয়োজনের ওপর গুরুত্বারোপ করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তাঁদের মধ্যে গতকাল বৃহস্পতিবার ফোনালাপ হয়েছে। এ সময় ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে ভারতের উদ্ধার তৎপরতার প্রশংসা করেন নওয়াজ। খবর ডনের।
খবরে বলা হয়, পাকিস্তানি প্রধানমন্ত্রীই ভারতীয় প্রধানমন্ত্রীকে ফোন করেন। এ সময় নওয়াজ নেপালের ভূমিকম্প-দুর্গত মানুষদের ভারত যেভাবে সহায়তা করছে, তার প্রশংসা করেন। এরপর এ নিয়ে দাপ্তরিক টুইটার অ্যাকাউন্টে বেশ কিছু বার্তা পোস্ট করেছেন নরেন্দ্র মোদি। এতে তিনি ফোন করার জন্য নওয়াজকে ধন্যবাদ দিয়েছেন।
ভারতীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ফোনালাপের সময় তিনি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাভুক্ত (সার্ক) দেশগুলোতে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর সুবিধার্থে নিয়মিত বার্ষিক মহড়া আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। মোদি বলেন, সার্কভুক্ত দেশগুলো উদ্ধারকারী দল ও চিকিৎসকদের নিয়ে প্রতিবছর এ ধরনের মহড়ার আয়োজন করতে পারে। এতে প্রাকৃতিক বিপর্যয়ের সময়গুলোতে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সহজ হবে।
মোদি জানান, তাঁর প্রস্তাবের প্রশংসা করে নওয়াজ শরিফ বলেছেন, এমন উদ্যোগ নেওয়া যেতে পারে, যা সবার জন্যই উপকার বয়ে আনবে।
সুসম্পর্ক প্রতিষ্ঠায় পাকিস্তানের আহ্বানে সাড়া দিতে ভারত ব্যর্থ হয়েছে, নওয়াজের এমন মন্তব্যের এক দিনের মাথায় দুই নেতার মধ্যে ওই ফোনালাপ হলো। পাকিস্তানি প্রধানমন্ত্রী গত বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার আবুল বাসিত গত বছর কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে বৈঠক করার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক শীতল রয়েছে। এরপর দুই দেশ শান্তি প্রতিষ্ঠায় সংলাপ শুরুর চেষ্টা করলেও তাতে এখন পর্যন্ত খুব সামান্যই অগ্রগতি হয়েছে।