দূতাবাসের কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল করা, ভিসা-সংক্রান্ত কাজ সহজীকরণ এবং শ্রমিকদের স্বার্থরক্ষা; সেই সঙ্গে দূতাবাসের সেবা ও সেবার মান উন্নয়নের ব্যাপারে কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তাঁরা বলছেন, ভিসা প্রত্যয়নে দূতাবাসের নিয়মের বাইরে দালালি করেও অনেকে কাজ সমাধা করছেন। এসব সমস্যার সমাধানে দূতাবাসকে আন্তরিক হয়ে কাজ করার তাগিদ দিয়েছেন তাঁরা।
কাতারে বাংলাদেশ দূতাবাসে প্রথমবারের মতো ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ডিসেম্বর সকালে দূতাবাসের নিচতলায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের নানান অভাব-অভিযোগ উঠে আসার পাশাপাশি তাঁরা বিভিন্ন পরামর্শও দেন।
ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রবাসীদের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রদূত আসুদ আহমদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘এই আয়োজন আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক ছিল। উপস্থিত প্রবাসীদের কাছে এই উদ্যোগ প্রশংসিত হয়েছে। আমরা ভাবছি, নির্দিষ্ট সময় পরপর এ ধরনের ওপেন হাউস ডের আয়োজন অব্যাহত রাখব।’
এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে এটিকে নিয়মিত করার দাবি জানিয়েছেন কাতারপ্রবাসী বাংলাদেশিরা। এ ধরনের আয়োজন দূতাবাসের কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন তাঁরা।
অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষ থেকে উত্থাপিত প্রশ্ন ও মতামতের মধ্য থেকে রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা মোট ২১টি প্রশ্ন নোট করেন। এসবের মধ্যে বেশির ভাগই ছিল ভিসা এবং শ্রম ও শ্রমিক সম্পর্কিত। এ ছাড়া একজন ভিসা ব্যবসায়ী বর্তমানে কাতারের কারাগারে আটক থাকায় ভুক্তভোগী কয়েকজন কর্মী তাঁর ব্যাপারে দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা দূতাবাসের পক্ষ থেকে সম্প্রতি চালু করা ভ্রাম্যমাণ পাসপোর্ট সেবাকেন্দ্রের প্রশংসা করেন। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে তাঁরা রাষ্ট্রদূতের কাছে অনুরোধ জানান।
রাজধানী দোহা থেকে দূরবর্তী এলাকায় যাঁরা থাকেন, তাঁদের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের এলাকায় মানি এক্সচেঞ্জের অফিস না থাকায় তাঁরা হুন্ডির মাধ্যমে দেশে অর্থ পাঠাচ্ছেন। দূতাবাসের পক্ষ থেকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার দাবি জানান তাঁরা।
এ প্রসঙ্গে রাষ্ট্রদূত আসুদ আহমদ বলেন, মোবাইল পাসপোর্ট সেবাকেন্দ্রের মতো সাপ্তাহিক ছুটির দিনে ওই সব এলাকায় ভ্রাম্যমাণ সেবাকেন্দ্র দিয়ে দেশে অর্থ পাঠানোর ব্যবস্থা করতে দূতাবাস চিন্তাভাবনা করছে। খুব শিগগিরই এটি সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বেশ কয়েকজন প্রবাসী দূতাবাসে ভিসা প্রত্যয়নের নানা দিক সম্পর্কে মিশ্র মতামত ব্যক্ত করেন। কয়েকজন এটির প্রশংসা করলেও কেউ কেউ এর কিছু বিষয় সম্পর্কে দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করেন। ভিসা প্রত্যয়নে দূতাবাসের নিয়মের বাইরে দালালি করেও অনেকে কাজ সমাধা করছেন বলে অভিযোগ উঠে আসে অনুষ্ঠানে।
প্রবাসীদের এসব মতামতের ব্যাপারে জানতে চাইলে শ্রম কাউন্সেলর ড. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কিছু বিষয় আমরা পুনর্বিবেচনা করব। এই প্রত্যয়নকে আরও সময়োপযোগী ও সহজ করার জন্য আমাদের প্রয়াস অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ‘ওপেন হাউস ডের মতো আয়োজনের মাধ্যমে আমরা প্রবাসীদের মতামত জানা এবং দূতাবাসের সেবার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারব’।
দূতাবাসের সেবা ও সেবার মান উন্নয়নের ব্যাপারে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন কয়েকজন প্রবাসী। কাউন্টারে কর্মরত দূতাবাসের স্টাফদের আচরণ সম্পর্কে অভিযোগ করেন অনেকে। পাশাপাশি দূতাবাসে অবস্থিত সর্বসাধারণের জন্য শৌচাগার প্রায়ই অপরিষ্কার থাকে বলে অভিযোগ করা হয় অনুষ্ঠানে।