দূরদেশে সিরীয়দের আরেক লড়াই
যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে প্রাণে বাঁচতে দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে গত ফেব্রুয়ারির শেষের দিকে ইদলিব ছেড়েছেন মৌরহাফ লাবাবদি। গ্রিস পেরিয়ে মেসিডোনিয়া সীমান্ত দিয়ে ইউরোপের ভেতর ঢুকবেন তিনি—এটাই ইচ্ছা। কিন্তু গত মার্চে মেসিডোনিয়া সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় মৌরহাফের মতো হাজারো মানুষ গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে আটকা পড়ে আছেন। আশ্রয় নিয়েছেন অস্থায়ী শরণার্থীশিবিরে।
কিন্তু কত দিন এখানে থাকতে হবে, তা তাঁরা জানেন না। তবে এটা পরিষ্কার যে অনুমিত সময়ের অনেকটা সময় এখানে থাকতে হবে। এর মধ্যে জীবিকার পথ করতে না পারলে হাতের পাঁচ বলে কিছুই থাকবে না।
এই অভিবাসনপ্রত্যাশীদের জন্য প্রতিদিন বিভিন্ন দাতব্য সংস্থা খাবারসহ মৌলিক চাহিদার জোগান আসে। তবে তা প্রয়োজনের তুলনায় কম। তাই সপরিবারে বাঁচতে এই আশ্রয়শিবিরেই আয়ের পথ খুঁজে নিয়েছেন অনেকে। খুলে বসেছেন দোকান।
মৌরহাফ সিরিয়ায় একটি ক্যাফে চালাতেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিবিরে থাকা কয়েকজন সিরীয়র সঙ্গে মিলে একটি দোকান খুলেছেন। এখানে হাতে তৈরি ফালাফেল, রুটি, শাকসবজি, পিৎজা বিক্রি করছেন। বলেন, ‘শুধু নিজে বাঁচলেই তো চলবে না, সন্তানদেরও বাঁচাতে হবে। আর জানেন তো, এখানকার খাবার তেমন সুবিধার নয়।’
৩৪ বছর বয়সী মৌরহাফ দোকানের প্রয়োজনীয় জিনিস কিনতে ট্যাক্সিতে করে যান কাছের শহর পলিকাসত্রো। প্রতি কিলো খুবানি তিনি বিক্রি করেন দুই ইউরোতে। যত ধরনের ব্যবসা থাকুক না কেন, এই শিবিরে সিগারেটের ব্যবসা সবচেয়ে রমরমা। এখানে চারটি স্ট্যান্ডে বিক্রি হয় সিগারেট। তাই এসব দোকানে চলে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। তেমনই একটি দোকান চালান আবদুল কাদের গাফফার। টেবিলে সিগারেটের ১১টি প্যাকেট সাজিয়ে বসে আছেন। যদিও দোকানের মালিক তাঁর বন্ধু।
দামেস্কে দরজির কাজ করতেন গাফফার। নিজ শহর ছাড়ার পর তিনি দুই মাস ছিলেন তুরস্কে। এরপর গ্রিসে ছিলেন তিন মাস। সেখানেই বন্ধুত্ব হয়।
গাফফার জানান, মেসিডোনিয়ান এক ব্যক্তির কাছ থেকে কিনে রাখা হয় এই সিগারেট। ওই ব্যক্তি সিগারেট বিক্রি করতে এসব ক্যাম্পে আসেন। কারণ গ্রিসের চেয়ে এসব সিগারেটের দাম কম।
শুধু যে খাবারদাবার বা সিগারেট বিক্রি, তা-ই নয়। এখানে ২৩ বছর বয়সী মোহাম্মদ রাশেদ নামের এক তরুণ নরসুন্দরের কাজ করেন। নিজের তাঁবুতেই সাজিয়ে বসেছেন পসরা। সামনে গোলাপি রঙের ডিজনি প্রিন্সেস আয়না। আছে ইলেকট্রিক রেজার, যা তিনি পেয়েছেন পেট্রল স্টেশন থেকে। আছে চিরুনি, স্প্রে করার বোতল, দুই বোতল বডি লোশন।
আয়নার সামনে ইরাকি এক ব্যক্তির চুল ছাঁটছিলেন তিনি। চুল পরিষ্কার করতে ব্রাশ হিসেবে ব্যবহার করছেন ছোট গাছের ডাল। রাশেদ ভুরুর পরিচর্যা ও দাঁড়ি কামানোর মতো কাজে তিন থেকে চার ইউরো নেন। কিন্তু কারও কাছে টাকা না থাকলে সে ক্ষেত্রে বিনা পয়সায় কাজ করে দেন। জানান, একেক দিন একেক রকম গ্রাহক থাকেন। কোনো দিন হয়তো ১০ জন আবার কোনো দিন হয়তো তিনজন আসেন। তিনি সিরিয়ার আফরিন থেকে এসেছেন। জানান, তুরস্কে তিনি এক মাস কাজ করেছেন। কিন্তু তাকে বেতন দেয়নি। বলেন, ‘আমরা সেখানেও শরণার্থী ছিলাম। তাই আমাদের নিয়ে চিন্তা করার কেউ ছিল না।’ কিন্তু এখন আয় করে অনেকটাই স্বাচ্ছন্দ্যে বোধ করছেন রাশেদ। তিনি বলেন, ‘কাজের কারণেই রোজগার করতে পারছি।’
রাশেদ জার্মানিতে গিয়েও নরসুন্দরের কাজ করতে চান। তিনি সেখানে থিতু হতে পারলে মা আর বোনকে নিয়ে আসবেন বলে স্বপ্ন দেখছেন। কিন্তু এখন নিজে কীভাবে যাবেন, সেটাই প্রশ্ন।
অভিবাসনপ্রত্যাশী এসব মানুষের জন্য গ্রিস-মেসিডোনিয়া সীমান্তের কাছে হাইওয়ের পাশে ফিলিং স্টেশনকে শরণার্থীশিবিরে পরিণত করা হয়েছে। জাতিসংঘের হাইকমিশনসহ সরকারিভাবে তাঁদের থাকার জন্য ক্যাম্প দেওয়া হয়েছে। এসব ক্যাম্পের মান তেমন ভালো না হওয়ায় অনেকেই এখানে থাকতে আগ্রহী নন। কিন্তু সীমান্ত বন্ধ থাকায় তাঁদের যাওয়ারও কোনো উপায় নেই। তবে তাঁরা স্বপ্ন দেখেন, তাঁরা ইউরোপীয় ইউনিয়নের দেশে গিয়ে নতুন জীবন গড়ে তুলবেন।