দূরপাল্লার রকেট উৎক্ষেপণ উ. কোরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়ার দূরপাল্লার রকেট উৎক্ষেপণের খবর টিভিতে প্রচারিত হচ্ছে। ছবিটি আজ রোববার দক্ষিণ কোরিয়ার সিউল থেকে তোলা। ছবি: রয়টার্স
উত্তর কোরিয়ার দূরপাল্লার রকেট উৎক্ষেপণের খবর টিভিতে প্রচারিত হচ্ছে। ছবিটি আজ রোববার দক্ষিণ কোরিয়ার সিউল থেকে তোলা। ছবি: রয়টার্স

উত্তর কোরিয়া একটি দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করেছে। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ঘাঁটি থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয় বলে ধারণা করা হচ্ছে। রকেটটি জাপানের দক্ষিণ ওকিনাওয়া দ্বীপের ওপর দিয়ে অতিক্রম করে।

উত্তর কোরিয়া আগেই জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাকে জানিয়েছিল যে, তারা পৃথিবীর কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ পাঠাতে চায়।

তবে পিয়ংইয়ং নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র প্রযুক্তির পরীক্ষা চালিয়েছে বলে সন্দেহ করছে সমালোচকেরা।

উত্তর কোরিয়ার সবশেষ এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান।

উদ্ভূত পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আয়োজনের অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া।

আগামী ১৬ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইলের জন্মবার্ষিকীর আগে পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছিলেন দক্ষিণ কোরিয়ার বিশ্লেষকেরা।

গত ৬ জানুয়ারি প্রথমবারের মতো হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর দাবি করে উত্তর কোরিয়া। কথিত ওই পরীক্ষার পর বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

উত্তর কোরিয়ার দাবি, তাদের মহাকাশসংক্রান্ত প্রকল্প পুরোপুরি বৈজ্ঞানিক গবেষণাধর্মী বিষয়।

তবে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, এমনকি চীনও এই প্রকল্পের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে।