দূষণের কারণে বেইজিংয়ে আবার সর্বোচ্চ সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের রাজধানী বেইজিংয়ে বায়ুদূষণের কারণে আবার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মাত্র এক সপ্তাহ আগে এ নগরে বায়ুদূষণ নিয়ে প্রথমবারের মতো সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। খবর বিবিসির।
বেইজিংয়ের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বায়ুদূষণের কারণে আজ শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজধানী শহরটি ঘন ধোঁয়াশায় ঢাকা থাকতে পারে। আর জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলীয় জিয়ান থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় হারবিন পর্যন্ত বিস্তৃত এলাকাও এই বায়ুদূষণে ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে।
স্বল্প সময়ের ব্যবধানে আবারও সর্বোচ্চ সতর্কতা জারির ঘটনায় বেইজিংয়ের বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও উদ্বেগ। সর্বোচ্চ সতর্কাবস্থা জারির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ বাসিন্দাদের বাড়ির বাইরের কাজকর্ম এড়িয়ে চলার এবং স্কুলগুলোর ক্লাস বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। এরই মধ্যে সীমিত করে দেওয়া হয়েছে যানবাহনের চলাচল, কলকারখানার কাজকর্ম ও বিভিন্ন ধরনের নির্মাণকাজ।
বেইজিংয়ে বায়ুদূষণ নিয়ে প্রথমবারের মতো সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল গত ৮ ডিসেম্বর রাতে। তা বহাল ছিল ১০ ডিসেম্বর দুপুর পর্যন্ত। ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনের আলোচনা চলার মধ্যেই জারি করা হয়েছিল ওই সতর্কতা। সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর অঙ্গীকার করেন।
সর্বশেষ সর্বোচ্চ সতর্কতা জারির প্রেক্ষাপটে বায়ুদূষণ রোধে ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেছে চীনের সরকার। দুই বছর ধরেই দেশটিতে বায়ুদূষণের কারণে মাঝেমধ্যে ধোঁয়াশার মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তবে এ বছরই প্রথম দেশটিতে চার স্তরের ওই সতর্কতা জারি করা হয়েছে। কয়লাচালিত শিল্পকারখানা, যানবাহনের ধোঁয়া, নির্মাণাধীন এলাকার ধুলাবালি এর কারণ হিসেবে বলা হচ্ছে।
চীনের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমবার সর্বোচ্চ সতর্কতা জারির সময় বেইজিংয়ের বাতাসে থাকা ক্ষতিকর আণুবীক্ষণিক কণার ঘনত্ব ছিল ৩০০ মাইক্রোগ্রামের কাছাকাছি। এবার সেটি ৫০০ মাইক্রোগ্রাম ছাড়িয়ে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ক্ষতিকর এই কণার সহনীয় মাত্রা হচ্ছে প্রতি বর্গমিটারে সর্বোচ্চ ২৫ মাইক্রোগ্রাম।
বেইজিং ও আশপাশের এলাকার বায়ুদূষণের ভয়াবহতা কমাতে সম্প্রতি চীনকে ৩০ কোটি ডলার ঋণসহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ব্যাংকটি বলেছে, বেইজিং ও সংলগ্ন এলাকার বাতাস এমন ভয়াবহ মাত্রায় দূষিত হয়ে পড়েছে যে তা জনস্বাস্থ্য ও টেকসই উন্নয়নকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।