দৃষ্টিহীন স্ত্রীর জন্য হাজারো ফুল

কথা ছিল এক বসন্তে স্ত্রীকে নিয়ে জাপানের চেরি ফুলের রাজ্যে যাবেন কুরোকি। ৩০ বছরের সংসার তাঁদের। কখনো সেভাবে বেড়ানো হয়নি। মাথার ঘাম পায়ে ফেলে দুজনে উদয়াস্ত পরিশ্রম করে গেছেন। এখন বয়স ৫০ ছুঁই ছুঁই। দুজনে দেশে দেশে ঘুরে বেড়াবেন। উপভোগ করবেন জীবনটা।
প্রতিবছর বসন্তের সময় চেরি ফুলে ভরে যায় জাপানের মিয়াজাকি এলাকার সৈকত। গোলাপি চেরি দারুণ পছন্দ মিসেস কুরোকির। তাই সেখানেই যাওয়ার ঠিক হয়।

সে বছর বসন্ত এল। কিন্তু কুরোকি দম্পতির আর জাপানে যাওয়া হলো না। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত কুরোকির স্ত্রী দৃষ্টিশক্তি হারালেন। একেবারেই হতাশ হয়ে পড়লেন মিসেস কুরোকি। দরজা বন্ধ করে একাকী থাকতেন বেশির ভাগ সময়।

স্ত্রীর কষ্টে বুক ভেঙে যায় কুরোকির। ভাবেন, চেরি ফুলের রাজ্যে না যেতে পারলে কী? স্ত্রীর পাশেই গড়ে তুলবেন ফুলের রাজ্য। দুই বছর ধরে বাড়ির পাশের খামারে হাজারো ফুল ফোটালেন কুরোকি। স্নিগ্ধ গোলাপি সিবাজাকুরা বা মস ফ্লক্স ফুলে ভরে গেছে তাঁর বাগান। দেখতে না পেলেও ফুলের সেই সৌরভে মুগ্ধ হন কুরোকির স্ত্রী। গোলাপি ফুলের কার্পেটে পা রেখে স্বামীর হাত ধরে হেঁটে বেড়ান। ফুলের গায়ে হাত বোলান মিসেস কুরোকি। বুক ভরে সৌরভ নেন। কুরোকির সব পরিশ্রম সার্থক হয়।
হাজারো পর্যটক আসেন কুরোকির বাগানের ফুল দেখতে। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হন তাঁরা। দেখে যান কুরোকি দম্পতিকেও। তাঁদের ভালোবাসাতেও মুগ্ধ হন। দ্য টেলিগ্রাফ অবলম্বনে