দেইর আজর আইএস মুক্ত করতে লড়াইয়ের প্রস্তুতি
সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) হটিয়ে গুরুত্বপূর্ণ দেইর আজর শহর পুনর্দখলের জন্য চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন সরকারি সেনারা। এ লক্ষ্যে গত সোমবার সেখানে সিরীয় বাহিনী তাদের শক্তি বৃদ্ধি করে। ইতিমধ্যে এ শহরে দ্বিতীয় দিনের মতো বিমান হামলায় ১৯ জন বেসামরিক লোক প্রাণ হারিয়েছে বলে খবর জানা গেছে।
ইরাক সীমান্তের কাছের শহর দেইর আজরের অধিকাংশ স্থান ও এর আশপাশের কিছু এলাকা ২০১৪ সাল থেকে দখল করে রেখেছে আইএস জঙ্গিরা। তবে এ শহরের ৪০ শতাংশ এলাকা এখনো সরকারি সেনাদের দখলে। দুই পক্ষের মুখোমুখি অবস্থান ও লড়াইয়ের মধ্যে শহরটিতে প্রায় ১ লাখ বেসামরিক নাগরিক অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে।
তবে রাশিয়ার বিমান হামলার সহায়তায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনারা দেইর আজরের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা জাবাল থারদাহ পুনর্দখল করেছে। এ ছাড়া নিজেদের নিয়ন্ত্রণও সম্প্রতি বাড়িয়ে তারা শহরের প্রায় অর্ধেক এলাকার ওপর প্রতিষ্ঠিত করেছে।
যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেছেন, ওই নগরের পূর্বাঞ্চল থেকে আইএস জঙ্গিদের হঠাতে সরকারি বাহিনী বিপুলসংখ্যক সেনা, অস্ত্রশস্ত্র, সাঁজোয়া যানের সমাবেশ ঘটিয়েছে। সিরিয়া ও রাশিয়ার যুদ্ধবিমান আইএস জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।