দেশবিরোধী প্রচারণার দায়ে চিকিৎসকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিয়েতনামে একজন চিকিৎসককে দেশবিরোধী প্রচারণার দায়ে চার বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার হো চি মিন সিটির এক আদালত এ দণ্ডাদেশ দেন।

বার্তা সংস্থা এএফপি আজ শুক্রবার এক প্রতিবেদনে জানায়, ওই চিকিৎসকের নাম হু ভেন হেই (৫৪)। তাঁকে ২০১৬ সালের নভেম্বরে গ্রেপ্তার করা হয়। তিনি সরকারের সমালোচনা করে ধারাবাহিকভাবে ব্লগে পোস্ট করেছিলেন—যা দেশটির ইন্টারনেট ব্যবহার নীতির লঙ্ঘন বলে উল্লেখ করেছেন আদালত।

ভিয়েতনামের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ভিএএক্সপ্রেসের খবরে বলা হয়, ওই চিকিৎসক ৭৫টি নিবন্ধ অনলাইনে প্রকাশ করেন এবং নিজের কম্পিউটারে জমা রাখেন। এসব নিবন্ধের ৩৬টি দেশটির ব্যবস্থাপনা নীতি, ইন্টারনেট ব্যবহারের বিধান লঙ্ঘন করেছে।
এর আগে গত বুধবার আরও তিন ব্যক্তিকে দেশবিরোধী প্রচারণার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ডানপন্থীদের অভিযোগ, এভাবে বিরোধী মতকে দমন করা হচ্ছে।
এ ছাড়া ২০১৬ সালে তাইওয়ানের বৃহৎ ইস্পাত কোম্পানি ফরমোসার বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেওয়ার অভিযোগ রয়েছে ওই চিকিৎসক হেইয়ের বিরুদ্ধে। হেইয়ের অভিযোগ ছিল, ওই কোম্পানি সাগরে বিষাক্ত বর্জ্য ফেলছে। যার ফলে ভিয়েতনামের উপকূলে লাখ লাখ টন মাছ মারা যাওয়ার পাশাপাশি জীববৈচিত্র্যে বিপর্যয় ডেকে আনছে। হেইয়ের এ আহ্বানে সীমিত আকারে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এদিকে হেইয়ের বিরুদ্ধে শাস্তি ঘোষণার পর ভিয়েতনামে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। এতে হেইসহ অন্য বন্দীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি যেকোনো নাগরিককে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক মতামত প্রকাশের স্বাধীনতা দেওয়ান আহ্বান জানানো হয়েছে।

ভিয়েতনামে ব্লগার, অ্যাকটিভিস্ট ও আইনজীবীদের সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দণ্ড দেওয়া হচ্ছে। বিরোধী মত দমনে ২০১৬ সাল কঠোর অবস্থান নিয়েছে কমিউনিস্টশাসিত এ দেশটির নেতৃত্ব। গত বছর কমপক্ষে ২৪ অ্যাকটিভিস্টকে দোষী সাব্যস্ত করা হয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এই ২৪ জনের পাশাপাশি আরও ২৮ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০১৭ সালকে ভিয়েতনামের অ্যাকটিভিস্টদের জন্য নিকৃষ্টতম বছর বলেও অভিহিত করে সংস্থাটি।